সিলেট টেস্টের আগে সামি
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা সহজ হবে না

সংগৃহীত ছবি
মিরপুরে স্পিন বান্ধব উইকেট বানিয়ে নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টের আগে উইন্ডিজ কোচ ড্যারেন সামি বলছেন, বাংলাদেশের জায়গায় থাকলে তিনিও স্পিনিং পিচই বানাতেন। সামি আরও বলেছেন, বাংলাদেশকে সিলেট টেস্টে হারানো একদমই সহজ হবে না।
সিরিজ শুরুর আগেই সামি বলেছিলেন, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান তারা। সিলেট টেস্ট জিতে সেই লক্ষ্য পূরণের স্বপ্ন দেখছেন তিনি, ‘এই সিরিজের আগে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৪ নম্বরে ছিল। দারুণ কোচিং করাচ্ছেন ফিল সিমন্স। এখানে সর্বশেষ যেবার ২-০ ব্যবধানে আমরা জিতেছিলাম সেবার ফিলই দলের প্রধান কোচ ছিলেন। ফলে এখানে এসে সিরিজ জেতা হবে আমাদের জন্য এবারের চক্রের দারুণ সমাপ্তি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথম ৩-৪ সিরিজে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ডে খেলতে হয়েছে। অনেক কঠিন সিরিজ ছিল আমার টেস্ট কোচিং ক্যারিয়ারের জন্য। পরে আমরা ভেবেছি, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সিরিজে এসে আমাদের আরও ভালো করতে হবে। চেষ্টা করতে হবে উপরে থেকে যেন এবারের চক্রটা শেষ করতে পারি।’
পিচ প্রসঙ্গে সামি জানান, ‘যদি আমি বাংলাদেশের জায়গায় থাকতাম, টেবিলের ৪ নম্বরে থেকে, প্রতিপক্ষ কীভাবে স্পিন খেলছে সেসব চিন্তা করে হয়তো আমিও একই কাজটা করতাম (স্পিন উইকেট বানাতাম)। তবে আমরা স্পিন খেলা নিয়ে কঠোর পরিশ্রম করেছি। তারা কী করবে সেসব আমার হাতে নেই। আমি চাই যেন আমাদের দল ধারাবাহিকভাবে পারফর্ম করে যায়। প্রথম টেস্টে কাজটা আমরা ভালোভাবেই করেছি। তাদের স্পিনারদেরকে চাপে ফেলেছি। ১৭০ রান তাড়া করা আরও কঠিন হতে পারত। জন এবং ব্রেন্ডন আসলে তা বুঝতে দেয়নি। দারুণ এই জয়ের ফলে হয়তো আমরা তাদেরকে আরও চ্যালেঞ্জে ফেলে দিয়েছি। উইকেট দেখে বুঝব আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্ট ক্রিকেটে কোনো কিছুই ‘টেকেন ফর গ্রান্টেড’ ধরে নিতে পারবেন না। মাঠে প্রতিপক্ষের চেয়ে ভালোভাবে এক্সিকিউট করতে হবে।’
সিলেটে জিতলে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। তবে কাজটা সহজ হবে না জানিয়ে দিলেন সামি নিজেই, ‘বাংলাদেশ এবং ফিলকে আমি চিনি, তারা আমাদের চেপে ধরবে। তবে আমাদেরও ভালো প্রস্তুতি রয়েছে। আমরা জানি যে আমরাও চাইলে কাউন্টার অ্যাটাক করতে পারি।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল ৫ নভেম্বর মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট।



