বল টেম্পারিং
শিরীষ কাগজের কথা আবারও অস্বীকার লেম্যানের

২০১৮ সালের বহুল আলোচিত স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির বিষয়ে কিছু জানতেন না বলে আবারও দৃঢ়ভাবে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যান। ক্যামেরন ব্যানক্রফটের ৪ হাজার শব্দের বিস্তারিত জবানবন্দি প্রকাশের পর নতুন করে শুরু হওয়া তীব্র বিতর্কের মাঝে শনিবার মেলবোর্নে বিবিসি ও অস্ট্রেলিয়ার এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।
ব্যানক্রফটের নানা অভিযোগের জবাবে লেম্যান দাবি করেন, তার অস্ট্রেলিয়া দল বল বিকৃতিতে শিরীষ কাগজ ব্যবহার করেছিল—এ বিষয়টি তিনি জানতেন না। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বা চলাকালে কোনো কোচ খেলোয়াড়দের বল বিকৃতিতে উৎসাহিত করেননি বলেও জানান তিনি। এ ছাড়া দ্বাদশ ব্যক্তি পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ওয়াকি-টকিতে কোনো কথোপকথনের বিষয়েও নাকি তিনি নিশ্চিত নন। ব্যানক্রফট অভিযোগ করেছেন যে, মাঠে থাকা শিরীষ কাগজ সরিয়ে নিতে হ্যান্ডসকম্বকে নির্দেশ দিয়েছিলেন লেম্যান। তিনি আরও জানান, এ কারণেই নাকি বরখাস্ত হওয়ার আগেই লেম্যান স্বেচ্ছায় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং কোনো নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) স্বাক্ষর করেননি। কিন্তু এসব অভিযোগ দ্বিধাহীনভাবে অস্বীকার করেছেন লেম্যান।
সাক্ষাৎকারে লেম্যান বলেন, ‘শিরীষ কাগজের বিষয়টি আমি জানতাম না। স্পষ্টতই এটি ব্যবহার করা হয়েছিল। বল বিকৃতির বড় বিষয় হলো এটি ছিল একটি খারাপ সময়। আমরা সবাই ভুল করেছি। কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি জানি সবার জন্যই এটা কঠিন। ক্রিকেটের খেলা যেকোনো দলের চেয়ে বড়। আমরা ব্যাগি গ্রিনের অভিভাবক এবং আমরা কিছু বিষয়ে ভুল করেছি।’
ব্যানক্রফটের দাবি অনুযায়ী দ্বিতীয় টেস্টে শিরীষ কাগজের ব্যবহার শুরু হওয়া, ড্রেসিংরুম ও কোচদের মধ্যে তা নিয়ে আলোচনা কিংবা ডেভিড ওয়ার্নারের সেই পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য বা স্মৃতিচারণ করতে অপারগতা প্রকাশ করেন বর্তমান নর্দাম্পটনশায়ার কোচ। তার ভাষায়, ‘এটা ক্যামেরনের দৃষ্টিভঙ্গি। আমি তাকে নিয়ে কথা বলব না। তবে আমার মত ভিন্ন। আমি কেবল যা জানি, সে বিষয়েই মন্তব্য করতে পারি।’
২০১৮ সালের ওই ঘটনার পর নিজের মানসিক ও শারীরিক বিপর্যয়ের কথাও তুলে ধরেন লেম্যান। এবিসির ম্যাট ক্লিনচকে তিনি জানান, ওই ধাক্কা তাকে ‘খুব অন্ধকার এক সময়ে’ নিয়ে গিয়েছিল এবং স্বাভাবিক জীবনে ফিরতে তার তিন থেকে চার বছর সময় লেগেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান বিদ্বেষ ও আক্রমণের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতের সেই অন্ধকার সময়ে তিনি আর ফিরে যেতে চান না; পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের কারণেই আজ সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি পাচ্ছেন।
উল্লেখ্য, ড্যারেন লেম্যানের এই বক্তব্যের দিনেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি ‘সর্বসম্মত সমর্থন’ নিশ্চিত করেছে। সিএ জানিয়েছে, কামিন্সের সততা ক্ষুণ্ন হয়নি। দলের নেতৃত্বভারও তার কাঁধেই থাকছে। এর আগে পেসার জশ হ্যাজলউড বলেছিলেন, কামিন্সকে সরে দাঁড়াতে বাধ্য করা হলে তিনি নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখবেন।





