ম্যাচের সময় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

সংগৃহীত ছবি
কর্ণাটকের সাবেক রঞ্জি ক্রিকেটার এসএল অক্ষয় রোববার বেঙ্গালুরুতে একটি ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে এই পেসারের বয়স হয়েছিল ৩৯ বছর।
শিবমোগার বাসিন্দা অক্ষয় কর্ণাটকের হয়ে রঞ্জি ট্রফির পাশাপাশি খেলেছেন কর্ণাটক প্রিমিয়ার লিগেও। স্থানীয় সূত্র জানায়, কেআর পুরামের একটি মাঠে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলছিলেন অক্ষয়। দুপুরের দিকে ফিল্ডিং করার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের সাবেক ক্রিকেটার ও কর্ণাটকের সাবেক খেলোয়াড় ডোড্ডা গণেশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, ‘ক্রিকেট অঙ্গনের জন্য এটি ভয়াবহ দুঃসংবাদ। এসএল অক্ষয়, ৩৯ বছর বয়সী এক ফাস্ট বোলার, যাকে আমি অনূর্ধ্ব-১৯ সময় থেকে খুব কাছ থেকে দেখেছি, আজ একটি ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে মারা গেছে। শোক প্রকাশের ভাষা নেই। শান্ত স্বভাবের এই ক্রিকেটার ২০১১-১২ মৌসুমে কর্ণাটকের হয়ে দারুণ সাফল্যের সঙ্গে খেলেছিল। অক্ষয়, শান্তিতে থেকো।‘
এক বিবৃতিতে কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা জানিয়েছে, 'অক্ষয় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছেন। খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও তিনি নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে ক্রিকেটের সেবায় যুক্ত ছিলেন। জুনিয়র পর্যায়ের কোচ হিসেবে তিনি তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রাজ্যের ক্রিকেটে স্থায়ী প্রভাব রেখে গেছেন।'
অক্ষয় ৬টি রঞ্জি ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন। তিনটি লিস্ট এ এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কর্নাটকের হয়ে।






