এবার দক্ষিণ আফ্রিকায় জিততে চান নাজমুল

সবশেষ নিউজিল্যান্ড সিরিজে টেস্ট জয় আছে বাংলাদেশের। একই ধারাবাহিকতায় উইন্ডিজে, পাকিস্তানেও সবশেষ সফরে টেস্ট জয় এসেছিল। এবার অস্ট্রেলিয়াতেও বাংলাদেশ টেস্ট জিতেছে। নিজেদের চেয়ে টেস্টে সমৃদ্ধ দেশে নিকটঅতীতে টেস্ট খেলতে গিয়ে জয়ের আনন্দ পেয়েছে বাংলাদেশ। তাহলে সামনের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তাদের বিপক্ষে জয়ের আনন্দ কি মিলবে? নাজমুল হোসেন শান্ত বলছেন, হতেই পারে।
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও এমন সাফল্যের প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত, ‘এরকম ব্যাপার আমাদের টেস্ট ক্রিকেটের জন্য অনেক সাহায্য করবে। নিউজিল্যান্ডে আমাদের জয় ছিল, অস্ট্রেলিয়াতে হলো, আশা করি সামনে দক্ষিণ আফ্রিকাতে হবে। যদি এমন করতে পারি তাহলে আমাদের টেস্ট ক্রিকেটের জন্য ভালো।’
অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে নিয়মিত খেলার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন শান্ত, ‘আমরা এত বছর পরে এসে এরকম একটা ফল করলাম। অবশ্যই আমাদের ডাকা উচিত। ডাকলে আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জেনে ভালোভাবে চ্যালেঞ্জগুলো নিতে পারব।’
টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছয়ে ওঠায় খুশি শান্ত। তবে তাঁর চোখ আরও ওপরে। টেস্ট ক্রিকেট নিয়ে নিজের বড় স্বপ্নের কথা জানিয়ে মুচকি হেসে বলেন, ‘এটা সিক্রেট থাকুক, যদি কখনও অর্জন করতে পারি তাহলে বলব।’






