সতীর্থদের ‘গা ছাড়া স্বভাবে’ ক্ষুব্ধ রাজা

সংগৃহীত ছবি
৫ রানের মধ্যেই পড়ল প্রতিপক্ষের ৪ উইকেট। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে আফগানিস্তান করল ২২১ রান। সেই টি-টোয়েন্টি ম্যাচে তারা ১৯ রানে হারিয়েও দিল জিম্বাবুয়েকে! শারজাহর এই হারের পর সতীর্থদের গা ছাড়া স্বভাব নিয়ে বেজায় চটেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।
আফগানদের কাছে হেরে ম্যাচের পর নিজের বিরক্তিটা প্রকাশ্যেই জানালেন রাজা, ‘ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি দলকে নিয়ে বলতে চাই। আমি আজ সবার মধ্যে এমন কিছু আচরণ দেখেছি যা আসলে হজম করা কঠিন।‘
কিন্তু কী সেই আচরণ? রাজা জানালেন, ‘আফগানদের ৪ উইকেট পড়ার পর অনেকেই ভেবেছিল, তারা ১৩০-১৪০ রানের মধ্যে অলআউট হয়ে যাবে। এরপর মাঠে আমি সবার গা ছাড়া ভাব দেখেছি। এ নিয়ে আমি ড্রেসিংরুমেও কথা বলব। ক্রিকেটারদের মানসিকতা এমন হওয়া উচিত না। খেলা শেষ না হওয়া পর্যন্ত ভাবা যাবে না যে আমরা জিতে যাব।‘
ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে রাজা শেষ পর্যন্ত কী বলেছিলেন, তা অবশ্য এখনো জানা যায়নি।



