জাতীয় ক্রিকেট লিগ
ডাবল সেঞ্চুরির পথে অমিত, ইনিংস হারের শঙ্কায় রাজশাহী

সংগৃহীত ছবি
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটা ছিল ব্যাটসম্যানদের। সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ ও বরিশালের ফজলে রাব্বি। এদিকে ঢাকার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় দিন শেষ করেছে রাজশাহী। ফলোঅন করতে নেমে এখনও ১৪৪ রানে পিছিয়ে তারা।
মোহাম্মদ নাঈমের ২৮২ রানের দুর্দান্ত ইনিংসে প্রথম ইনিংসে ৫২১ রান করেছিল ঢাকা। জবাবে আগের দিন ৬ উইকেটে ১০৩ রান নিয়ে খেলা শুরু করা রাজশাহী অলআউট হয় ১৬২ রানে। এরপর ফলোঅন করতে নেমে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২১৫ রান। ইনিংস হার এড়াতে এখনও ১৪৪ রান করতে হবে দলটিকে।
রাজশাহীর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান ৬৪ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল ৫৪ রান।
কক্সবাজারে সিলেট ও খুলনার ম্যাচে ড্রয়ের সম্ভাবনাই বেশি। বৃষ্টিতে প্রথম দিনের খেলা পুরোপুরি ভেসে যাওয়ার পর তৃতীয় দিনেও শেষ হয়নি সিলেটের প্রথম ইনিংস। ৪ উইকেটে ৫৭৫ রান তুলে দিন শেষ করেছে তারা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয় খেলা।
সিলেটের হয়ে ১৭১ রানে অপরাজিত আছেন অমিত হাসান। অন্য প্রান্তে আশরাফুল হাসান রিহাদ অপরাজিত ১০১ রানে। এর আগে আগের দিন অধিনায়ক জাকির হাসান খেলেছিলেন ১৬০ রানের ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এটি অমিতের দ্বাদশ সেঞ্চুরি। ২৯৬ বলের ইনিংসে তিনি মেরেছেন ১১টি চার ও দুটি ছক্কা। অন্যদিকে মাত্র নবম ম্যাচেই দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন রিহাদ।
মাহফিজুল ইসলাম রবিনের ডাবল সেঞ্চুরিতে আগের দিন ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল ময়মনসিংহ। জবাবে বগুড়ায় বড় সংগ্রহের পথে চট্টগ্রামও। তৃতীয় দিন শেষে তাদের রান ৬ উইকেটে ৪২৪।
চট্টগ্রামের পাঁচ ব্যাটসম্যান পঞ্চাশ পেরোলেও সেঞ্চুরির দেখা পাননি কেউ। সর্বোচ্চ ৯৫ রান করেছেন শাহাদাত হোসেন। মাহমুদুল হাসান করেছেন ৭৬ রান। এ ছাড়া তাসামুল হক ৬৩, সাব্বির শিকদার ৫৪ ও ইরফান শুক্কুর ৫৩ রান করেছেন।
প্রথম তিন ম্যাচেই হারের পর অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে বরিশাল। রংপুরের বিপক্ষে সিলেট একাডেমি মাঠে ৯ উইকেটে ৪৪৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে দলটি। তাতে প্রথম ইনিংসে ৪১ রানের লিড পেয়েছে বরিশাল। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫ রান তুলে দিন শেষ করেছে রংপুর।
৩ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বরিশাল। আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা ফজলে রাব্বি পরে তুলে নেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ১১তম শতক। ২০০ বলে ১২৪ রানের ইনিংসটি সাজিয়েছেন ১৫টি চার ও চারটি ছক্কায়। এই ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন রাব্বি।



