টেস্ট না খেলেই ফিরছেন জাকের ও মুশফিক

আগেই বলা ছিল লিটন দাস ফিট হয়ে উঠলে জাকের আলি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলে যোগ দেবেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের আগেই পুরোপুরি ফিট হয়ে ওঠায় তাই হচ্ছে।
একই সঙ্গে অভিষেকের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া পেসার মুশফিক হাসানকেও ফিরিয়ে আনা হচ্ছে। শরিফুল ইসলাম ফিটনেস টেস্টে পাশ করায় মুশফিককেও জাকের আলির সঙ্গে ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিবেচনা করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে জাকের ও মুশফিকের দ্রুত ফেরার অপর কারণ ভিসা জটিলতা এড়ানো। দক্ষিণ আফ্রিকা ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারীর পাসপোর্ট দিল্লিতে পাঠাতে হয়। এ কারণেই ভিসা পাওয়ার সময়ক্ষেপন না করতে দুই ক্রিকেটারকে দ্রুত দেশে পাঠানো হচ্ছে। এতে বাকি ক্রিকেটারদের সঙ্গে নির্দিষ্ট সময়ে দুজনের পাসপোর্ট দিল্লিতে পাঠানো যাবে। ডারউইন টেস্টের মাঝপথে দেশে ফিরে চলমান বাংলাদেশ 'এ' দলের প্রস্তুতিতে যোগ দেবেন জাকের ও মুশফিক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শতভাগ ফিট হয়ে ওঠা লিটনকে একাদশে রাখতে আর কোনো বাধা নেই। পাশাপাশি শরিফুল খুব দ্রুত অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিচ্ছেন।




