বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় ক্রিকেটারকে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি
বয়স জালিয়াতির অভিযোগে লেগস্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উত্তর প্রদেশের বাসিন্দা রোহিত গত জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে খেলেছিলেন। সফরে তিনি ৬ উইকেট নেওয়ার পাশাপাশি শেষ টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বয়স সংক্রান্ত তথ্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগে রোহিতকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শ্রীলঙ্কা সফরের সময় তার নথিপত্র যাচাই করলে বয়স সংক্রান্ত গরমিল সামনে আসে। রোহিতের জন্মসনদে তিনটি ভিন্ন জন্মসাল পাওয়া গেছে—২০০৭, ২০০৯ ও ২০১০। ফলে বয়সভিত্তিক ক্রিকেটে তার অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
আধার কার্ডের তথ্যেও পাওয়া গেছে গরমিল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কাছে নিবন্ধনের সময় তার জন্মসাল উল্লেখ করা হয়েছিল ২০০৭। তবে আধার কার্ডের তথ্য অনুযায়ী ২০১৭ ও ২০২০ সালের সংশোধনে তার জন্মসাল ছিল ২০০৬। পরে ২০২১ সালে তা পরিবর্তন করে ২০০৯ করা হয়।
এসব গরমিলের কারণে এর আগে রোহিতকে নিজেদের জুনিয়র দল থেকে বাদ দিয়েছিল সিএবি। পরে বিষয়টি বিসিসিআইকে জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে বিসিসিআই রোহিতকে দুই বছরের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বোর্ডের অধিভুক্ত সব রাজ্য ক্রিকেট সংস্থাকেও এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।
চলতি মাসের শেষ দিকে রাজকোট ও আহমেদাবাদে সফরকারী অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে ও বহুদিনের ম্যাচেও রোহিতের খেলার কথা ছিল।





