বৃষ্টির দিনে পেসারদের তিন শিকার

গ্রাফিকস: আগামীর সময়
ওয়ান্ডারার্সে দুপুরের খাবারের বিরতিতে যখন গেলেন ক্রিকেটাররা, তখন দুই দলের সামনেই সম্ভাবনার বীজ। আর মাত্র ১৪ রান করলে লিড নেবে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে আর মাত্র ৩ উইকেট তুলে নিলেই দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে অলআউট করে দেবে বাংলাদেশ। কিন্তু সেসব কিছুই হতে দিল না বৃষ্টি। ৪০ মিনিটের বিরতি শেষ পর্যন্ত তৃতীয় দিনের বাদবাকি সময়টা পর্যন্ত লম্বা হলো। জোহানেসবার্গে বৃষ্টির বাগড়ায় সকালের সেশনের পর আর খেলা হয়নি। ৯০ ওভার খেলা শেষে ৭ উইকেটে ৩৮৬ রান দক্ষিণ আফ্রিকার, দুই অপরাজিত ব্যাটার রায়ান রিকেলটন (৫৬) ও কাগিসো রাবাদা (৫) মিলে আজ আবার শুরু করবেন ব্যাটিং।
তৃতীয় দিনে খেলা হলো মাত্র ২৮ ওভার। আগের দিন ১৯ রানে অপরাজিত টেম্বা বাভুমা আর ৭ রানে অপরাজিত থাকা রিকেলটন তাদের জুটিটা লম্বা করলেন। তাদের ৭৯ রানের জুটি সাময়িকভাবে বিচ্ছিন্ন হলো বাভুমার চোটে। রিটায়ার্ড হার্ট হয়ে ৪৯ রানে ড্রেসিংরুমে ফিরে গেছেন প্রোটিয়া অধিনায়ক, তার পায়ের পেশিতে টান পড়েছে। ৮৩তম ওভারে নতুন বল নিল বাংলাদেশ, আর একই ওভারের শেষ বলে চোট পেয়ে ফিরে গেলেন বাভুমা। উইকেটে নতুন ব্যাটার আসতেই বাংলাদেশের পেসারদের হাতে নতুন বল, সুযোগটা কাজে লাগালেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েও গেছেন তাসকিন, উইয়ান মুল্ডারকে যে বলে আউট করলেন, সেটা মোটেও সেরা ডেলিভারিগুলোর একটি নয়। শর্ট, অফস্টাম্পের অনেক বাইরে; তাড়া করে মারতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিলেন কোনো রান না করা মুল্ডার। নিজের পরের ওভারে তাসকিন নিয়েছেন মার্কো ইয়ানসেনের উইকেট। এবারে ভালো বলে, খাড়া সিমের ওপর ফেলেছিলেন বলটা, আর ফ্রন্টফুটে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের খোঁচায় ইয়ানসেন বল পাঠিয়েছেন লিটনের গ্লাভসে। অস্ট্রেলিয়াকে ব্যাট হাতেও প্রচুর ভুগিয়েছেন ইয়ানসেন, দুটি হাফসেঞ্চুরি আছে আগের সিরিজেই। তাকে ১ রানে আর চট্টগ্রামে সেঞ্চুরি করে ভোগানো মুল্ডারকে শূন্য রানে আউট করে প্রোটিয়াদের সংগ্রহটা বড় হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছেন তাসকিন। সাইমন হারমারকে আউট করে ৪ নম্বর উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আর একটা হলেই আরও একটা ফাইফার হয় এই ডানহাতি পেসারের।
ছন্দটা যখন বাংলাদেশের পক্ষে, তখন মধ্যাহ্ন ভোজের বিরতি এবং তারপর ঝড় আর বৃষ্টি। তারপর খেলাই আর হলো না ওয়ান্ডারার্সে। ভেসে গেল তৃতীয় দিনের দুটি সেশন। দিনের খেলা শেষে তাসকিন বললেন, এখনো টিকে আছে জয়ের সম্ভাবনা, ‘বৃষ্টি তো আসলে নিয়ন্ত্রণে নেই। তবে যে জিনিসটা হতো, আমরা যে ছন্দটা পেয়েছিলাম, ওই সময়টায় দ্রুত ওদের অলআউট হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল। আমরা এখনো খেলায় আছি। আল্লাহর রহমতে মনে হয় ভালো পজিশনেই আছি। কালকের আবহাওয়ার পূর্বাভাস যেটা আছে, ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু দিনের শুরুটা যদি আমরা ভালো করতে পারি, তাড়াতাড়ি ওদের বাকি উইকেটগুলো নিতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেন, টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।’



