এখন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বেশি টেস্ট চান গিলেস্পি

২০০৩ সালে টেস্ট খেলার ২৩ বছর পর দ্বিতীয়বার দেশটিতে এই ফরম্যাটে খেলার সুযোগ হয়েছে বাংলাদেশের। তবে কোনবারই দেশটির নামকরা টেস্ট ভেন্যুগুলোতে বাংলাদেশের খেলা রাখা হয়নি। বা বলা যায়, নিজেদের ক্রিকেট মৌসুমে বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া। এমন কিছুর ইতি দেখতে চান জেসন গিলেস্পি।
সাবেক এই অজি পেসারের মতে বাংলাদেশকে নিয়মিতই অস্ট্রেলিয়ায় আনা উচিৎ, ‘অবশ্যই বাংলাদেশের আরও বেশি অস্ট্রেলিয়া সফর থাকা উচিৎ। বাংলাদেশের বিপক্ষে ২৩ বছর পর হচ্ছে, ২৪ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে। এটা মেনে নেওয়ার মতো নয়। এখানে দারুণ কন্ডিশন, পিচ, সুযোগ-সুবিধা। তবে ক্যালেন্ডারের ব্যস্ত সূচি একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নিয়মিত অস্ট্রেলিয়ায় এসে খেলা উচিৎ।’
টেস্টে সাম্প্রতিক সময়ে উড়ন্ত ফর্মে রয়েছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আছে ৪ নম্বরে। এদিকে ডারউইন টেস্টে রয়েছে অস্ট্রেলিয়াকে হারানোর দ্বারপ্রান্তে। আগামী বছর আবার বাংলাদেশের বিপক্ষে লর্ডসে টেস্ট আয়োজন করছে ইংল্যান্ড। ২০২৪ এ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। সামনের মাসে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও টেস্ট আছে। সব মিলিয়ে সাদা পোশাকে ভালো ম্যাচ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।
গিলেস্পি মনে করেন, অদূর ভবিষ্যতে অস্ট্রেলিয়া বারবার বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে। শুধু তা-ই নয়, বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজন করবে সিডনি, অ্যাডিলেডের মতো বড় বড় সব ভেন্যুতে।
২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা এই পেসার বলেছেন, ‘বাংলাদেশের সবাই ওখানে (সিডনি-অ্যাডিলেড-ব্রিসবেন) খেলোয়াড়দের খেলতে দেখলে অবশ্যই খুশি হতো। ভবিষ্যতে হয়ত এমনটা হবে। আমাদের অবশ্য সব ভেন্যুতেই উন্নত সুযোগ সুবিধা আছে। সামনে ম্যাকায়তে যাবে, দেখবে সেখানেও সব সুযোগ সুবিধা রয়েছে। তবে সিডনি, অ্যাডিলেডে বাংলাদেশ খেললে ভালো হবে, হয়ত ভবিষ্যতে দেখা যাবে।'






