হাবিবুল বাশার
অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করাও বড় অর্জন

ফাইল ছবি
ডারউইন টেস্টটা ছিল স্বপ্নের মত। ম্যাকাইয়ে সেটা পরিণত হয়েছে দু:স্বপ্নে। দুই দিনেই টেস্ট হেরেছে বাংলাদেশ। আজ তাই মাঠের বদলে ম্যাকাই শহরে ঘুরে ফিরে দিন কাটছে বাংলাদেশি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার সঙ্গে টানা দুই টেস্ট দাপটে খেলার আশা করেননি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তাই বলে দুই দিনে হারবেন সেটাও ভাবেননি তিনি।
আজ টিম হোটেলে গণমাধ্যমে হাবিবুল বলেছেন,‘প্রত্যাশা তো আসলেই বেশি ছিল। একটা সুযোগ তৈরি করেছিলাম সিরিজ জেতার। কিন্তু অস্ট্রেলিয়া টেস্টের এক নম্বর দল। আমরা জানতাম তারা তাদের সর্বশক্তি নিয়ে এই ম্যাচটা খেলবে এবং অবশ্যই প্র্যাকটিক্যালি ২-০ তে হারানোটা একটু বেশি হয়ে যায়। তবে আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম।’
ম্যাকাইয়ে টস জিতে শুরুতে বোলিং করতে পারলে অন্যরকমও হতে পারত ম্যাচের ফল। তাই কিছুটা আফসোস ঝড়ল হাবিবুলের কণ্ঠে, ‘আমরা সবাই দেখেছি টসটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। টসের ওপর তো কারও হাত নেই, আপনি হারতেও পারেন জিততেও পারেন। কিন্তু এত পার্থক্য সবসময় তৈরি করে না। অস্ট্রেলিয়ানদেরও কিন্তু ব্যাটিং করতে কষ্ট হয়েছে। আমরা যদি আগে বোলিং করতাম তাহলে হয়তো ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারত। কারণ আমার মনে হয় অস্ট্রেলিয়া একটা চান্স নিয়েছিল, যে তারা একদম যে ধরনের উইকেটটা দিয়েছে এই টেস্ট ম্যাচে, এটা কিন্তু যে কারো ম্যাচ হতে পারে।’
হাবিবুল আরও যোগ করলেন, ‘আমরা অনেক সময় যেমন স্পিনিং ট্র্যাক বানাই, ওরা ওরকমই ফাস্ট ট্র্যাক বানিয়েছে। টসের ভাগ্যটা ওদের পক্ষেই গিয়েছে যেটা ওদের সাহায্য করেছে। কিন্তু আমরা আরও একটু বেটার ব্যাটিং করতে পারতাম। সব মিলিয়ে আরও একটু ভালো হতে পারত। কিন্তু অস্ট্রেলিয়া এসে সিরিজ ড্র করে যাওয়াটা অনেক বড় অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য।’






