বাংলাদেশকে হারিয়ে বেতন বাড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ছবি: আগামীর সময়
ক্রিকেট দুনিয়ায় অন্য সবার যেখানে বেতন বাড়ে, ওয়েস্ট ইন্ডিজে তখন উল্টোযাত্রা। গত মাসে উইন্ডিজ ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে বোর্ড। সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি জানালেন, বাংলাদেশকে হারিয়ে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে চান তারা।
সংবাদ সম্মেলনে স্যামি জানিয়েছে, বেতন কমার হতাশা যেন মাঠের পারফরম্যান্সে ছায়া না ফেলে। বরং ভালো খেলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি করুক ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা কোচের।
মিরপুরে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের বেতন কমার প্রসঙ্গ উঠতেই স্যামি টেনে আনলেন ভারত সিরিজের পারফরম্যান্স, ‘ভারতের বিপক্ষে সিরিজে আমরা যেভাবে খেলেছি, সেটি দেখুন। খেলোয়াড়দের যখন খবরটি জানানো হয়েছিল, তখন তারা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার তাড়না, আবেগ ও আগ্রহ স্পষ্ট হয়েছে।’
বেতন কমার বিষয়টি অবশ্য এখন আর ড্রেসিংরুমের আলোচনায় নেই বলেই মনে করেন স্যামি। ক্রিকেটারদের সামনে তিনি রেখেছেন অন্য এক চ্যালেঞ্জ। ক্যারিবীয় কোচ বলেন, ‘আমার মনে হয় না, এখন ড্রেসিংরুমে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি খেলোয়াড়দের চ্যালেঞ্জ দিয়েছি, মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের এমন অবস্থানে নিয়ে যেতে হবে, যেন স্পনসরদের সঙ্গে আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারি এবং নতুন স্পনসর আকৃষ্ট করতে পারি। ভারতের বিপক্ষে সাদা বলের দল দুটি সেই কাজ খুব ভালোভাবেই করেছে বলে আমার মনে হয়েছে। আশা করি, বাংলাদেশে লাল বলের দল হিসেবেও আমরা সেটা করতে পারব।’
স্যামির লক্ষ্য, বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট জিতে অন্তত সেরা পাঁচে জায়গা করে নেওয়া, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ছেলেদের আমি বলেছি, শীর্ষ পাঁচে থাকতে পারলে বাড়তি আর্থিক প্রণোদনা আছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পুরস্কারমূল্য বাবদ অনেক অর্থ বিনিয়োগ করেছে। আমাদের খেলোয়াড়দের সামনে ৮ নম্বর থেকে ওপরে ওঠার সুযোগ আছে। আগের দুই চক্রেই আমরা ৮ নম্বরে থেকে শেষ করেছি।’



