বাংলাদেশের জয়ে বাকরুদ্ধ এবি!

সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্টে হারিয়ে দেবে বাংলাদেশ, এ যে ছিল কল্পনারও বাইরে। সেই স্বপ্নই ডারউইনে হয়েছে সত্যি। অজিদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্স অকপটেই স্বীকার করেছেন, ঘরের মাটিতে অজিদের এরকম হার কল্পনাও করেননি তিনি!
মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। পুরো ম্যাচজুড়েই ছিল টাইগারদের দাপট।
ডি ভিলিয়ার্স এক লাইভে জানান, ‘বাংলাদেশের কী অভূতপূর্ব জয়! আমিই হয়তো তাদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিলাম। যে দেশের ভক্তদের সঙ্গে আমার দেখা হচ্ছে, তারা ভালো করছে! সত্যি বলতে কেউই আশা করিনি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাবে। বিশেষ করে খেলাটা অস্ট্রেলিয়ায় ছিল বলে। ওখানে গিয়ে টেস্ট জেতা সহজ নয়।’
এবি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের এই জয় দারুণ ব্যাপার। তবে অস্ট্রেলিয়ার জন্য তা মোটেও ভালো বিষয় নয়। তাদেরকে নতুন করে ভাবতে হবে। সত্যি বলতে আমি বাকরুদ্ধ।’
কিছুদিন পরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে আসতে আসতে কতটা উন্নতি করে ফেলেছে, এটা দেখে ভালো লাগছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি না তা অবশ্য বড় প্রশ্ন। বাংলাদেশের সবাইকে অভিনন্দন।’
অস্ট্রেলিয়া টস জেতার পরও ম্যাচ হেরেছে, যেন বিশ্বাসই হচ্ছে না এবির, ‘অস্ট্রেলিয়া টস জিতেছে কিনা তা বিশ্বাস করতে আমাকে গুগল করতে হয়েছে। টসে হেরেও বাংলাদেশ জিতেছে, ব্যাপারটা আশ্চর্যজনক। অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে ভালোবাসে। প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এরপর তাদের ফাস্ট বোলিং কাজে লাগিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়।’






