হারমারের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত ছবি
একদিকে কাগিসো রাবাদার গতি ও সুইং অন্যদিকে সাইমন হারমারের ঘূর্ণি–– এই দুইয়ের মিশেলে যেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রতিরোধ্য হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। তাদের দাপুটে বোলিংয়ে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। একইসঙ্গে ১৭৬ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে টেম্বা বাভুমার দল।
কেপ টাউনে শেষদিনে ২৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। রাবাদার প্রথম ওভারেই হারাতে হয় ম্যাট রেনশ ও মারনাস লাবুশেনকে। দলীয় ২২ রানে ট্রাভিস হেডের উইকেটও তুলে নেন রাবাদা। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একাই ধস নামান স্পিনার সাইমন হারমার। তার স্পিন যাদুর সামনে দাঁড়াতেই পারেনি ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মিডল অর্ডারের ব্যর্থতায় ৬২ রান তুলতেই ৮ উইকেট হারাতে হয় সফরকারীদের। শেষদিকে অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। লায়ন অপরাজিত থাকেন ৩৩ রানে। মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন হারমার। এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। ৩ উইকেট তুলে নেন রাবাদা।
৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ২১৪ রানে জিতে দাপট দেখিয়েছিলো অস্ট্রেলিয়া। শেষ দুই ম্যাচে চিত্র পাল্টে দেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে জেতার পর শেষ টেস্টেও আধিপত্য ধরে রাখে তারা।



