টেস্ট চ্যাম্পিয়নশিপ
ফাইনালের আশা ছাড়ছে না ভারত

সংগৃহীত ছবি
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা কঠিন ছিল আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট ড্র করে সেটাকে আরও বেশি কঠিন করে তুলেছে ভারত। ফাইনালের আশা অনেকটা ফিকে হয়ে গেলেও এখনই হতাশ হতে রাজি নন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।
কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে ছিল ভারত। তবে সোনাল দিনুশার অবিশ্বাস্য প্রতিরোধে ম্যাচটা জিততে পারেনি তারা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও পয়েন্টে বেশ পিছিয়ে গেছে ভারত।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। এবারের চক্রে ভারতের টেস্ট বাকি আছে আরও ৭টি। ২টি নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে, ৫টি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে।
এই ৭ ম্যাচ থেকে যত বেশি সম্ভব পয়েন্ট তুলতে হবে ভারতকে, সেইসঙ্গে অন্য ম্যাচের ফলও আসতে হবে তাদের পক্ষে।
কলম্বো টেস্ট শেষে ভারতের অধিনায়ক গিল বলেছেন, ‘আমি এখনো মনে করি আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বেশ ভালো সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড সিরিজটি যদি আমরা ভালো খেলতে পারি, এরপর আশা করি যখন অস্ট্রেলিয়া সিরিজ আসবে, তখন আমাদের শুধু সিরিজ জিতলেই হবে, যদি আমরা এমন অবস্থায় থাকি যেখানে শুধু সিরিজ জয়ই প্রয়োজন, তাহলে আমার মনে হয় ফাইনালে ওঠার জন্য আমরা ভালো অবস্থানে থাকব।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর থেকে প্রথম দুই চক্রে ফাইনাল খেলেছিল ভারত। সর্বশেষ চক্রে ফাইনালের পথে থেকেও শেষ পর্যন্ত ফাইনালে যাওয়া হয়নি। দুইবার ফাইনাল খেললেও এখনো ট্রফি জেতা হয়নি ভারতের। ২০১৯-২১ চক্রে নিউজিল্যান্ড এবং ২০২১-২৩ চক্রে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল টিম ইন্ডিয়া।







