এক ম্যাচের দাপটেই র্যাঙ্কিংয়ে ৫৩ ধাপ এগোলেন বৈষ্ণবী

সংগৃহীত ছবি
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন ভারতের তরুণ স্পিনার বৈষ্ণবী শর্মা। তার দারুণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও। সবশেষ প্রকাশিত নারী ওয়ানডে বোলারদের তালিকায় এক লাফে ৫৩ ধাপ এগিয়েছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার। ১৪৭তম অবস্থান থেকে উঠে এসেছেন ৯৪ নম্বরে।
মঙ্গলবার পরিবর্তিত র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ভারত। সিরিজের শেষ ম্যাচে মাত্র ৩৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন বৈষ্ণবী। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই এমন বোলিং করে জেতেন ম্যাচসেরার পুরস্কার। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে তার শিকার ছিল ৪ উইকেট।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের আরও দুই বোলারের। শেষ ম্যাচে ১১ রান দিয়ে ২ উইকেট নেওয়া সায়ালি সাতঘারে ১৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৫তম স্থানে। একই ম্যাচে দুই উইকেট পাওয়া ক্রান্তি গৌড় এক ধাপ এগিয়ে রয়েছেন ২৪ নম্বরে।
ব্যাটারদের তালিকাতেও পরিবর্তন এসেছে। ভারতের প্রতিকা রাওয়াল এক সেঞ্চুরি ও দুই ফিফটির সুবাদে তিন ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন। শেষ ওয়ানডেতে ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলা শেফালি ভার্মার উন্নতি আট ধাপ। যৌথভাবে ৬৫তম স্থানে রয়েছেন তিনি।
জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে মোডেস্টার মুপাচিকওয়ে তিন ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠেছেন। শেষ ম্যাচে ৩৭ রান করেছিলেন এই ওপেনার। দলটির অধিনায়ক জোসেফিন এনকোমোও দুই ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪৯তম স্থানে।



