পিএসএলের পরের নিলাম কবে, কোথায়?

সংগৃহীত ছবি
গত মৌসুমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান সুপার লিগের নিলাম। আগামী আসরের নিলামের দিনক্ষণ জানিয়েছে কর্তৃপক্ষ। পিএসএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি। টুর্নামেন্টের আগামী আসর মাঠে গড়াবে ১৮ মার্চ থেকে, চলবে ২ মে পর্যন্ত।
নিলামের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ থাকছে এখন থেকেই। ২৩ নভেম্বরের পর্যন্ত তাদের সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়া আগামী সপ্তাহে ক্রিকেটারদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করবে পিএসএল কর্তৃপক্ষ। গত আসরের মতো এবারে নিলামও বড় কোন ঐতিহাসিক স্থানে আয়োজনের কথা ভাবছে তারা।
পিএসএলে নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, 'এইচবিএল পিএসএল হলো পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ, আর ১২তম আসরটি হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড়। এইচবিএল পিএসএল ১১-এর সমাপ্তি ঘটেছিল রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে। সেই মোমেন্টামকে পুঁজি করেই আমরা এবার লিগটিকে আগের চেয়ে অনেক বেশি শহরে নিয়ে যাচ্ছি।'
পিএসএলে এই আসরে বাড়ছে ভেন্যু। পাঁচ থেকে ছয়ে উন্নীত করা হচ্ছে ভেন্যুর সংখ্যা। ৪৬ দিনের টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪৪ ম্যাচ।
এ নিয়ে মহসিন নাকভি বলেন, ' আমরা যে রোডম্যাপ চূড়ান্ত করেছি যার কিছু অংশ আজ প্রকাশ করা হচ্ছে, তা ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং সম্প্রচারকারীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ পর্যায়ে পরিকল্পনা গ্রহণের নিশ্চয়তা দেবে। মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা একটি রোমাঞ্চকর মৌসুমের অপেক্ষায় আছি।'
পিএসএলের সর্বশেষ আসরের ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পেশোয়ার জালমি।



