বিসিবি জিডি কাপ
যুব দলের শক্তি দেখল কিশোর দল

১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন যুব দলের জারিফ। ছবি: মোশারফ হোসেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন জিডি ট্রফি বা গেম ডেভেলপমেন্ট ট্রফি। এই টুর্নামেন্ট দিয়ে ছোট ক্রিকেটারদের মধ্য থেকে সেরাদের আলাদা করার লক্ষ্য বিসিবির। এই আয়োজনে খেলছে তিনটি দল অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩। প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছিল অনূর্ধ্ব-১৭ ও ১৯ দল। আর এই ম্যাচে যুব দলের শক্তি দেখেছে কিশোর দলটি।
জিডি ট্রফির প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পায়নি অনূর্ধ্ব-১৭ দল। ২৪৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। টসে জিতে আগে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে ৩২৯ রানের বিশাল পুঁজি গড়ে। জবাবে মাত্র ৮৩ রানে অলআউট হয় অনূর্ধ্ব-১৭ দল।
যুব দলের হয়ে দুই ওপেনার জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ মাত্র ৩.৫ ওভারে ৪৩ রান তুলে নেন। জারিফ শেষ পর্যন্ত ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ৭৬ বলে ৯৯ রানের ইনিংস তার। এছাড়া আহসান ৬৫ বলে ৬৭ রান করেন। ফরিদ হাসান ৫৩ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
দুই ওপেনার এসকে জারিফ সিয়াম এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহির ব্যাটে ভর করে উড়ন্ত সূচনা পায় অনূর্ধ্ব-১৯। ওপেনিং জুটিতে মাত্র ৩.৫ ওভার থেকেই চলে আসে ৪৩ রান। ১০ বলে ১১ রান করে বিদায় নেন মুহি।
অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট নেন ইয়াসিন মজুমদার। ২ উইকেট নেন সিফাত আলী। ১টি করে উইকেট তোলেন মোহাম্মদ সাকিবুল শিকদার এবং ইমরান ভূঁইয়া।
অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইমরান ভূঁইয়া সর্বোচ্চ ৪৭ বলে ২৪ রান করেন। যুব দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান। ২টি করে উইকেট তোলেন শেখ আতিকুর রহমান এবং তাফিউল আলম তামিম। ১টি করে উইকেট নিয়েছেন আল রাফি, এসকে জারিফ সিয়াম এবং মোহাম্মদ আহসান আল মুমিন।







