ম্যাকাই টেস্টে অপরিবর্তিত বাংলাদেশ দল !

ম্যাকাই টেস্টে তাহলে একাদশে পরিবর্তন আসছে না !
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে শরিফুল ইসলামকে খেলানো হবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে দলের সঙ্গে প্রথম টেস্টের মাঝপথে যোগ দেন বাঁহাতি এই পেসার। তাকে একাদশে খেলানোর সম্ভাবনা থাকলেও প্রধান কোচ ফিল সিমন্সের কথায় আপাতত ডারউইনে জয়ের একাদশে আস্থা রাখার ইঙ্গিতই মিলেছে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। তবে পুনর্বাসন শেষে ফিট হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
দ্বিতীয় টেস্টে চার পেসার নিয়ে বাংলাদেশের খেলার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে সিমন্স বলেন, সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ম্যাচের আগের দিন একাদশ চূড়ান্ত করবেন তারা।
শরিফুলকে দলে ফেরানোর সম্ভাবনা প্রসঙ্গে সিমন্স বলেন, ‘তিনি দলের বোলিং আক্রমণে ভিন্ন কিছু যোগ করেন। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম। ফলে জেতার একাদশে বদল আনার সম্ভাবনা কম।’
ডারউইন টেস্টে বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলেছিল এবং সেই বোলিং আক্রমণই অস্ট্রেলিয়াকে চাপে রাখতে বড় ভূমিকা রাখে। দুই ইনিংসে হাসান মাহমুদ ও মেহেদী হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ৯ উইকেটে জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
তবে শরিফুল ফেরায় বোলিংয়ে বাংলাদেশের হাতে বিকল্প আরও বেড়েছে। সিমন্স জানিয়েছেন, ‘দলে সবসময়ই পাঁচজন পেসার ছিল। এবার সেই পাঁচজনের মধ্য থেকে ম্যাকাইয়ের কন্ডিশন বিবেচনায় কতজনকে খেলানো হবে, সেটিই এখন দেখার বিষয়।’
অর্থাৎ শরিফুল ফিট থাকলেও তাঁর একাদশে ফেরার পথটা সহজ নয়। জয়ের সমন্বয় ধরে রাখা নাকি নতুন পেসারকে সুযোগ দেওয়া—ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সামনে এখন সেটিই বড় সিদ্ধান্ত।






