বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা

চট্টগ্রামে তুমুল বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টির টস হয়নি। ছবি: সংগৃহীত
নির্ধারিত সময়ের আগেই পরিত্যক্ত ঘোষণা করা হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। বিকাল ৪টা ৫০ মিনিট পর্যন্ত ম্যাচ বাতিলের জন্য অপেক্ষার সুযোগ ছিল। কিন্তু চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা এতটাই বেশি যে, আগেভাগেই সিদ্ধান্ত দিয়ে দিলেন আম্পায়াররা।
আজ বুধবার বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। দুই দলের খেলোয়াড়রা নির্দিষ্ট সময়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গেলেও মাঠে নামতে পারেননি। পূর্ণ ওভারের ম্যাচ আয়োজনের সময় ছিল বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত। কিন্তু বৃষ্টির সৌজন্যে ন্যূনতম ৫ ওভারের ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি।
যারা অনলাইনে দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিট কেটেছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল সিরিজ জয়ের, আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর। ম্যাচ ভেসে যাওয়ায় আগামী ২ মে মিরপুরে সিরিজের ফয়সালা হবে।



