আফতাব বললেন সার্কাস
তামিমকে ভারতীয় ক্রিকেট বোর্ড সহ-সভাপতির অভিনন্দন

তামিমকে অভিনন্দন জানিয়েছেন রাজীব শুক্লা। ছবি: আগামীর সময়
মোস্তাফিজুর রহমান ইস্যু আর বিশ্বকাপ না খেলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকিছিল বিসিবির। ছেঁড়া সম্পর্কের উন্নয়নে বিসিসিআইকে চিঠিও দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেই বুলবুলকে সরিয়ে তামিম ইকবালকে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি করায় বিসিসিআইয়ের প্রতিক্রিয়া কেমন হয় দেখার ছিল সেটা।
প্রতিক্রিয়াটা ইতিবাচকই হলো। তামিমকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’
নির্বাচন নিয়ে এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিপক্ষে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। তাই বুলবুলদের বোর্ড ভেঙে তামিমকে প্রধান করে ৩ মাসের জন্য গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। ৯০ দিনের মধ্যে নির্বাচন দিবেন তারা। এর আগে হঠাৎ সরানো হয়েছিল আরেক সভাপতি ফারুক আহমেদকেও।
এই প্রক্রিয়াটিকে ‘সার্কাস’ বললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। ফেসবুকে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড। আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।’
আফতাব আরও যোগ করেন,‘ বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে।’















