বিশ্বকাপ জিতিয়েও বাদ পড়া নিয়ে মুখ খুললেন সূর্যকুমার

সংগৃহীত ছবি
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরও জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুলেছেন সূর্যকুমার যাদব। চলতি বছরের শুরুতে বিশ্বকাপ জয়ের পরপরই ভারতীয় দল থেকে বাদ পড়েন টি-টোয়েন্টি দলের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সূর্যকুমারকে বাদ দিয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। গত দুই বছরে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়াই সূর্যকুমারের বাদ পড়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।
২০২৫ সালে ভারতের হয়ে একটি ফিফটিও করতে পারেননি সূর্যকুমার। টি-টোয়েন্টি বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা একটি ইনিংস ছাড়া ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি। তবে অধিনায়ক হিসেবে ছিলেন সফল। তার নেতৃত্বে কোনো সিরিজ হারেনি ভারত এবং শেষ পর্যন্ত ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতে দলটি।
জাতীয় দল থেকে বাদ পড়ার খবর শুনে প্রথমে খুব বেশি প্রতিক্রিয়া দেখাননি সূর্যকুমার। নির্বাচকদের জায়গায় নিজেকে বসিয়ে তাঁদের সিদ্ধান্ত বোঝার চেষ্টা করেছিলেন তিনি।
সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে সূর্যকুমার বলেন, ‘দলে আমার নাম না দেখে আমি হেসেছিলাম। কারণ গত এক-দুই বছর ধরে দলের হয়ে খেলার সময় চাপের পরিস্থিতিতে বা যখন কিছুই আমার পক্ষে যাচ্ছিল না, তখনও আমি সবসময় হাসতাম এবং নিজেকে শান্ত রাখতাম।’
ভারতীয় দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেন, ‘২০২৬ সালে এসে আমি ভেবেছিলাম, আগামী দুই বছর এই দলকে আমি এগিয়ে নিয়ে যাব। অলিম্পিক আসবে, এরপর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসবে, সামনে আরও চ্যালেঞ্জ থাকবে। কিন্তু আপনি যা ভাবেন এবং অন্য কেউ যা ভাবে, তা এক নয়। আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। অন্য কারও নেতৃত্বে দল ভালো করলে আমার কোনো সমস্যা নেই।’







