পাডিকলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

সংগৃহীত ছবি
প্রথম টেস্টে ১৬৭ রানের ইনিংস খেলে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার দেবদূত পাডিকল। দ্বিতীয় টেস্টেও নিজের অসাধারণ ফর্মের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। তার সেঞ্চুরির উপর ভর করে কলম্বো টেস্টের প্রথম দিন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ৩৭ রানের জুটি গড়ার পর ১৮ রান করে লাহিরু কুমারার বলে আউট হন রাহুল। এরপর দ্রুত রান তুলতে থাকেন জয়ওয়াল। ৪৫ রান করার পর তিনিও বিদায় নেন আসিথা ফের্নান্দোর বলে বোল্ড হয়ে।
দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে তোলেন গিল ও পাডিকল। প্রথম টেস্টে সুবিধা করতে না পারা গিল ফিফটি করে বিদায় নেন।
উইকেট রক্ষক ঋষভ পন্ত ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কুমারার একটি বাউন্সার এসে তার বাম হাতে আঘাত করে। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
চতুর্থ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ইনিংস আরও বড় করেন পাডিকল। একইসঙ্গে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। পরে ১৯৩ বলে ১১৭ রান করে কেশারা নুয়ান্থার বলে বোল্ড হন তিনি।
দিনের শেষ ওভারে জাদেজা আউট হন। ৪৩ রানের কার্যকরী এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। প্রথমদিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করে ভারত। ধ্রুব জুরেল অপরাজিত আছেন ৭ রানে এবং সারাংশ জৈন ৪ রানে।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।






