পাঁচ হারের পর টানা চার জয় কলকাতার

৪৭ বলে সেঞ্চুরি করেন অ্যালেন। ছবি: সংগৃহীত
আইপিএলে শুরুটা যাচ্ছেতাই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। ছয় ম্যাচে পাঁচ হার, অন্যটি পরিত্যক্ত বৃষ্টিতে। পয়েন্ট টেবিলের তলানিতে যাওয়া সেই দল এখন প্লে-অফের দৌড়ে।
দিল্লি ক্যাপিটালসকে শুক্রবার তারা হারিয়েছে ৮ উইকেটে। দিল্লির ১৪২ রানের চ্যালেঞ্জ ফিন অ্যালেনের সেঞ্চুরিতে ৩৪ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। তাতে প্লে-অফের লড়াই আরও জমিয়ে দিল কেকেআর।
১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কলকাতা এখন ৭ নম্বরে। ১২ পয়েন্ট নিয়ে চারে আছে রাজস্থান। শীর্ষে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১৪। শেষ কয়েকটা ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে বলে আশাবাদী কলকাতার অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিন,‘আমাদের দল সঠিক একাদশে খেলছে। টানা চার জয়ের পর সবার আত্মবিশ্বাস বেড়েছে। শেষ কয়েক ম্যাচে ঘটতে পারে অনেক কিছুই।’
১৪২ রান তাড়া করতে নেমে ৪৭ বলে ১০০ করে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। ছক্কা হাঁকিয়ে নাইটদের ম্যাচ জেতানোর সঙ্গে নিজের সেঞ্চুরিও পূরণ করে ফেলেন কিউয়ি তারকা। নাইটদের হয়ে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার অ্যালেন। ব্র্যান্ডন ম্যাকালাম (২০০৮ সালে), ভেঙ্কটেশ আইয়ার (২০২৩) ও সুনীল নারিন (২০২৪) কেকেআরের হয়ে সেঞ্চুরি করেছেন এর আগে।
তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম অ্যালেনই। তিনি সেঞ্চুরি করেছেন মাত্র ৪৭ বলে। সেখানে ভেঙ্কটেশ ও নারিন সেঞ্চুরি করেছিলেন ৪৯ বলে। আর আইপিএলের প্রথম ম্যাচে ম্যাকালাম সেঞ্চুরি করছিলেন ৫৩ বলে।
অরুণ জেটলি স্টেডিয়ামের গ্যালারিতে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বসেছিলেন ভারতীয় নির্বাচক আর পি সিংয়ের পাশে। দুই বছর আগে কেকেআর মেন্টর হিসাবে দুর্দান্ত সাফল্য এনে দেওয়ার পর এই প্রথম কোনও আইপিএল ম্যাচে দেখা গেল গম্ভীরকে। তার হাত ধরে কেকেআর তৃতীয়বার আইপিএল ট্রফি ঘরে তোলে। এরপরই ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন গম্ভীর।






