ইমনের চার-ছক্কায় ১ উইকেটে জিতল বাংলাদেশ

ওভার নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু উইকেটের চিন্তা ছিল পুরো মাত্রায়। মাত্র ১ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৮ রান দরকার ছিল বাংলাদেশ ‘এ’ দলের। এই সময় ইকবাল হোসেন ইমনের অবিশ্বাস্য দুটো ‘হিট’। ফরমানুল্লাহর করা ৪৬তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে এল টানা চার ও ছক্কা। টানা দুই বলে ১০ রান নিয়ে বাংলাদেশকে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১ উইকেটের জয় এনে দেন ইমন।
লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১৭৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৪৫.৫ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান করে ম্যাচ জেতে বাংলাদেশ। রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালের পথে আরও একটু এগিয়ে গেল সাইফ হাসানের দল।
জয়ের লক্ষ্য কম হলেও সহজ জয় আসেনি বাংলাদেশের। শুরুতেই অধিনায়ক সাইফ হাসানের ০ রানে ফেরার পর পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে বাংলাদেশ সাবধানে এগিয়ে চলে। ইমন ২৭ বলে ৩৩ ও দিপু ৪৮ বলে ২৫ রান করেন। মিডলঅর্ডারে ইয়াসির আলি ২১ বল ২০ রান করেন। তবে ইরফান সুক্কুর মাত্র ১ রানে ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ।
৮৩ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ আরও সাবধানী হয়। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন টেস্ট মেজাজে খেলা শুরু করেন। সাইফ মাত্র ২৮ রান করতে খেলেন ৮০ বল। সাব্বির ৪৩ বলে করেন ২৮ রান। তবুও শেষদিকে বিপদেই পড়ে বাংলাদেশ।
১৬২ রানে নবম উইকেটের পতন হলে জয় দেখছিল আফগানিস্তান এ দল। তবে রিপন মন্ডলের অপরাজিত ৫ ও ইকবাল হোসেন ইমনের ওই ৭ বলে ১১ রানের ক্যামিওতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।



