নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

সংগৃহীত ছবি
নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজে আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিলেন তারা। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ১৩ রানে হারিয়েছে তারা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বাংলাদেশ।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা।
সাদিয়া আক্তার খেলেছেন ৩৩ বলে ৩৩ রানের ইনিংস। বাকিদের মধ্যে ২২ বলে ২৮ রানের ক্যামিও খেলেছেন ফারজানা ইয়াসমিম মেধা। ২১ বলে ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম।
জবাবে পাকিস্তান শুরুটা ভালোই করেছিল। কোমাল খান ২৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ২৯ বলে ৩২ রান করেন রাভাইল ফারহান। জুফিশান আইয়াজ ৩০ বলে ৩২ রান করেছেন।
শেষ দিকে রানের গতি কিছুটা কমেছে পাকিস্তানের। তাদের চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা।
শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ২১ রান। তবে ৭ রানের বেশি নিতে পারেনি তারা। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে থেমেছে পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে মাত্র ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট নেন। তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।



