একা হলেও সভাপতির চেয়ার ছাড়বেন না বুলবুল

ছবিঃ আগামীর সময়
আমিনুল ইসলাম বুলবুল হয়ে যাচ্ছেন ‘নিধিরাম সর্দার’। তার ঢাল-তলোয়ার, সৈন্য-সামন্তরা এক এক করে বিদায় নিচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ইতোিমধ্যে পদত্যাগ করেছেন সাত পরিচালক। এভাবে চলতে থাকলে নিঃসঙ্গ হয়েই থাকতে হবে বিসিবি সভাপতি বুলবুলকে।
পদত্যাগের মিছিলে ২৫ সদস্যের ক্রিকেট বোর্ডে এখন আছেন ১৮ জন। আগে বোর্ড পরিচালকের পদ ছেড়েছেন ৩ জন। গতকাল শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভার পর পদত্যাগ করেছেন আরও ৪ জন। আজ রবিবার বুলবুলের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে চলমান তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদে। এটি জমা হওয়ার পর পদত্যাগের মিছিলটা আরো লম্বা হওয়ার আশঙ্কা আছে।
এমন অবস্থা যেকোনো বোর্ড প্রধানের জন্য খুব বিব্রতকর। তবে বুলবুল মোটেও বিব্রত বোধ করছেন না। গতকাল শনিবার রাতে এক সংবাদ মাধ্যমে তিনি একা থাকার ঘোষণা দিয়েছেন ‘সবাই যদি বিসিবি থেকে পদত্যাগও করে, আমি শেষ পর্যন্ত একটা চেয়ার নিয়ে একা বসে থাকবো।’ অর্থাৎ তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই।
গতকাল বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশ ক্রিকেটের কিছু সিদ্ধান্ত হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তকে যথাক্রমে ২০২৭ ও ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। জাতীয় দলের কোচিং প্যানেলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে মোহাম্মদ রফিককে। ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও আলোচনা হয়েছে সভায়।




