চীনের বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রসারে বাংলাদেশ

সংগৃহীত ছবি
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় ২৭ হেক্টর। ছাত্রছাত্রী ৩০ হাজারের বেশি। বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরিতে আছে ৭ লাখ ১০ হাজার বই। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের এই বিশ্ববিদ্যালয়েই মাথা উঁচু করে আছে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’।
বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে গত বছরের ২৪ মে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উদ্বোধন করে এই ক্রিকেট সেন্টারের। এমনিতেই চীনের ক্রিকেট উন্নয়নের সারথি বাংলাদেশ। সেখানে এই সেন্টারের উদ্বোধনের পর দুই দেশের ক্রিকেট সহযোগিতা পেয়েছে নতুন মাত্রা।
উদ্বোধনের পর এই সেন্টারের অগ্রগতি কতটা? বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে মিনজু বিশ্ববিদ্যালয়ে যাওয়া ক্রিকেট কোচ এস এম আসাদুল হক ‘আগামীর সময়’কে এ নিয়ে বললেন, ‘আমাদের মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্তা আর আমি গিয়েছিলাম মিনজু বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার উদ্বোধনের সময় উচ্ছ্বসিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সবাই। তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। এখন তারা আমাদের নির্দেশনায় তৈরি করছে ক্রিকেট মাঠ।’
ক্রিকেট মাঠ ও পিচ
২০১০ গুয়াংজুর পর ২০২২-এ (অনুষ্ঠিত হয়েছিল ২০২৩) হাংজু এশিয়ান গেমসেও চীনে ক্রিকেটের মাঠ ও উইকেট প্রস্তুত করেছিলেন বাংলাদেশের কিউরেটররা। হাংজু এশিয়ান গেমসে পাহাড়ের কোল ঘেঁষে জিজিয়াং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৈরি করা হয়েছিল ছোট্ট একটি ক্রিকেট স্টেডিয়াম। এর তত্ত্বাবধানে ছিলেন বিসিবির কিউরেটর জসিমউদ্দিন।
ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মাঠ ও উইকেট তৈরিতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বিকেএসপির সঙ্গে। বিকেএসপির নির্দেশনায় স্থানীয় কজন কিউরেটর মাঠ প্রায় প্রস্তুত করে ফেলেছেন এই বিশ্ববিদ্যালয়ের। এ নিয়ে বিকেএসপির ক্রিকেট কোচ এস এম আসাদুল হক বললেন, ‘এখানে পাঁচটি পিচ তৈরি করা হচ্ছে। কোনটা ব্যাটিংবান্ধব, কোনটা স্পিন সহায়ক আর কোনটা হবে সবুজ উইকেটে পেস বোলারদের জন্য আদর্শ। কাজ প্রায় শেষ দিকে। এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের পিচ ও মাঠ তৈরিতে বাংলাদেশের ছোঁয়া থাকাটা বিশেষ কিছু।’







