ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সংগৃহীত ছবি
ইংল্যান্ডকে ‘বাজবল’ শিখিয়েছেন ব্র্যন্ডন ম্যাককালাম। তবে ধারাবাহিক ব্যর্থতায় টেস্ট দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। ম্যাককালামের জায়গায় নিউজিল্যান্ডেরই আরেক কিংবদন্তি স্টিফেন ফ্লেমিংককে নতুন টেস্ট কোচ হিসেবে নিয়োগ দিল ইংলিশ ক্রিকেট বোর্ড। সে সঙ্গে ২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার জো রুটকে ফেরানো হয়েছে নেতৃত্বের দায়িত্বে।
চেন্নাই সুপার কিংসের দীর্ঘদিনের কোচের দায়িত্ব ছেড়ে ফ্লেমিং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছেন। ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত টেস্ট কোচ থাকবেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়কের জন্য ইংলিশ ক্রিকেটের পরিবেশ নতুন কিছু নয়। তিনি খেলোয়াড় হিসেবে মিডলসেক্স, ইয়র্কশায়ার ও নটিংহামশায়ারের হয়ে খেলেছেন। ২০০৫ সালে অধিনায়ক হিসেবে নটিংহামশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতিয়েছেন। এছাড়া 'দ্য হান্ড্রেড'-এ সাউদার্ন ব্যাগের কোচের দায়িত্বও সামলেছেন তিনি।
ফ্লেমিংয়ের সঙ্গে ব্র্যান্ডন ম্যাককালামের দারুণ সম্পর্কটাও এই নিয়োগে বড় ভূমিকা রেখেছে। টেস্ট দলের দায়িত্ব ছাড়লেও ম্যাককালাম সাদা বলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যাবসায়িক অংশীদার।
৫৩ বছর বয়সী ফ্লেমিং অবশ্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকছেন না। এই সিরিজের অন্তর্বর্তীকালীন কোচ মার্কাস ট্রেসকোথিক। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের অধ্যায়ের ইতি টানার পর ফ্লেমিং পরিবারকে কিছুটা সময় দেবেন। ফ্লেমিং দায়িত্ব নেবেন ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।
কোচ হওয়ার পরই ফ্লেমিংয়ের প্রথম চাওয়াটি পূরণ করেছে ইংলিশ বোর্ড। টেস্ট অধিনায়ক হিসেবে তিনি জো রুটকে বেছে নিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজের শেষে বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, গ্রীষ্মের বাকি সময়টার জন্য জো রুটকে একটি স্বল্পমেয়াদী সমাধান হিসেবে ভাবা হচ্ছিল। এই সময়ে রুট এবং সীমিত ওভারের অধিনায়ক হ্যারিস ব্রুকের মধ্য কাউকে দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসেবে চূড়ান্ত করা হবে। তবে ইসিবি ঘোষণা করেছে, রুটকেই পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হচ্ছে।
২০১৭ থেকে ২০২২ সালের রেকর্ড ৬৪টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার পর আবারও নিজের পুরোনো পদে ফিরছেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করা এই কিংবদন্তি।
ইসিবি-র এক বিবৃতিতে ফ্লেমিং বলেছেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্ব ক্রিকেটে অন্যতম সম্মানজনক কোচিং পদ এটি । খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং ব্র্যান্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের তৈরি করা ভিতকে আরও সামনে এগিয়ে নিতে আমি মুখিয়ে আছি। অবশ্যই সবসময় জেতার লক্ষ্যটাই সবার আগে থাকে। তবে এর পাশাপাশি দল যেন মাঝারি ও দীর্ঘমেয়াদে ভালো অবস্থায় থাকে, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এই দল ও তার চারপাশে প্রচুর তরুণ প্রতিভা আছে, আমাদের লক্ষ্য হলো তাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বমানের ক্রিকেটার হিসেবে গড়ে তোলা।’
জো রুটের সঙ্গে কাজ করা নিয়ে ফ্লেমিং বলেছেন,‘অধিনায়ক হিসেবে জো রুটের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সে অসাধারণ এক যুগের প্রতিভাবান খেলোয়াড়, যার অর্জনের ঝুলিটা সমৃদ্ধ। তবে তার কাছ থেকে এখনো অনেক কিছু পাওয়ার বাকি। প্রথমবারের চেয়ে এবার অন্য এক প্রেক্ষাপটে সে যেন অধিনায়কত্ব উপভোগ করতে পারে এবং সফল হয়, এজন্য তাকে সহযোগিতা করতে আমি মুখিয়ে আছি।’






