গাভাস্কারের অভিযোগ
অপমানিত হয়ে ম্যাকাইয়ের পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
মাত্র দুই দিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। আইসিসির কাছে ‘খুব ভালো’ রেটিং পেলেও এই টেস্টের পিচ নিয়ে চলছে নানা সমালোচনা। এবার ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার বলছেন, প্রথম টেস্টে ‘অপমানের’ সেই হারের পরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অজিরা।
২৩ বছর পর সফরে গিয়ে ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটের ঐতিহাসিক এক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই বাংলাদেশই দ্বিতীয় টেস্টে হেরেছে মাত্র দুইদিনের মধ্যে, ইনিংসে ব্যবধানে। প্রথম দিনে ১৮ উইকেটের পতনের পর দ্বিতীয় দিনে শেষ হয়েছে ম্যাচ।
স্পোর্টস্টার কলামে গাভাস্কার বলেছেন, 'ম্যাকাইয়ের পিচে কোন চমক ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের কাছে অপমানিত হওয়ার পর অস্ট্রেলিয়ানরা এমন একটি পিচ বানাবে যা দ্রুতগতির ও বাউন্সি, এটা জানা কথা। তারা এটাও বলবে গ্রাউন্ডসম্যান নিজে এটা বানিয়েছে এবং তাদের দিক থেকে কোন নির্দেশনা ছিল না। তবে আমরা সবাই জানি পর্দার আড়ালে কী ঘটে।'
গাভাস্কার আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। গত কয়েক বছরে সেখানে এমনটা চারবার ঘটেছে। আর যে ট্রাম্পোলিন-বাউন্স পিচগুলো এমন ফলাফল তৈরি করে, সেগুলোর কোনো সমালোচনা আমরা এখনও শুনিনি।'
পিচের সমালোচনা করে গাভাস্কার বলেন, 'অজুহাতের বন্যা বয়ে যাবে। গ্রাউন্ডসম্যান দুঃখিত, টার্ফ এক্সিকিউটিভ ভুল করেছেন ইত্যাদি বলা হবে। তিনি আবহাওয়ার পূর্বাভাসের উপর নির্ভর করেছিলেন যেখানে গরম আবহাওয়ার কথা বলা হয়েছিল। তাই তিনি কিছুটা ঘাস বেশি রেখে দিয়েছিলেন যেটা অতিরিক্ত বাউন্স তৈরি করেছে।'






