এক পরিবর্তন নিয়ে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ
- কিমো পলের বদলে শামার স্প্রিঙ্গার

সংগৃহীত ছবি
রবিবার দুপুরে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল। শনিবার ভারতের বেঙ্গালুরুতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার পর তারা বাংলাদেশে এসেছে দুই টেস্টের সিরিজ খেলতে। ঘোষিত দলে শেষ মুহূর্তে একটি পরিবর্তন এনেছেন ক্যারিবিয় নির্বাচকরা। অলরাউন্ডার কিমো পল ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন, তার জায়গায় দলভুক্ত করা হয়েছে শামার স্প্রিঙ্গারকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে (২০২৫-২৭) বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্ট দিয়েই ওয়েস্ট ইন্ডিজের সূচীর সমাপ্তি। ১২ টেস্টের মাত্র দুইটিতে জিতে আর ৮টিতে হেরে ওয়েস্ট ইন্ডিজ আছে নয় দলের ভেতর অষ্টম স্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে তারা ছিটকে গেছে আগেই। তাই বাংলাদেশ সফরে তারা রাখেনি ভারত সফরে ফর্মের তুঙ্গে থাকা শাই হোপ ও আলজারি জোসেফকে।
সফরে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও দুটো টেস্ট খেলবে ক্যারিবিয়রা। প্রথম টেস্টটি ঢাকায় ও পরেরটি হবে সিলেটে।
ওয়েস্ট ইন্ডিজ দল-রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।



