পোলার্ড এবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কায়রন পোলার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বিগত চার মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন পোলার্ড। শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে পদত্যাগ করার পরই তার স্থলাভিষিক্ত হলেন ৩৯ বছর বয়সী এই ক্যারিবীয় তারকা।
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের বন্ধন প্রায় ১৬ বছরের পুরোনো। ২০১০ সালে তিনি খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ে যোগ দেন। দলের পাঁচটি আইপিএল শিরোপা (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ের (২০১১ ও ২০১৩) মূল কারিগরদের একজন ছিলেন পোলার্ড। খেলোয়াড় হিসেবে আইপিএলে ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেটও শিকার করেছেন। ২০২২ মৌসুমে শেষবার মাঠে নামার পর তিনি দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন। এবার প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোলার্ড বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজিটি আমার জীবন ও ক্যারিয়ারের বড় অংশ। দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। খেলোয়াড় এবং কোচ হিসেবে যাত্রার অভিজ্ঞতা থেকে আমি ভালো করেই জানি, এই জার্সি এবং দলের মূল লক্ষ্য কী। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তৈরি করতে আমি মুখিয়ে আছি।’
আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলগুলোর (এমএলসি, আইএলটি-২০ ও এসএ২০) হয়ে মাঠ মাতিয়েছেন পোলার্ড। প্রধান কোচ হিসেবে পোলার্ডের সামনে এখন প্রথম ও প্রধান চ্যালেঞ্জ ডিসেম্বর মাসে গোয়ায় অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা (রিটেনশন) ও স্কোয়াড সাজানোর চূড়ান্ত পরিকল্পনা করা।




