সাফের টিকিট সর্বনিম্ন ১ হাজার

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর টিকিটমূল্য চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, সর্বোচ্চ ১০ হাজার টাকা। জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। এক টিকিট দিয়ে দুই ম্যাচই দেখতে পারবেন ফুটবল ভক্তরা। আগামীকাল ২৯ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সমন্বয় সভা করেছেন সাফের কর্মকর্তারা। সভায় মাঠের কন্ডিশন, নিরাপত্তাব্যবস্থা, টিকিট ব্যবস্থাপনা এবং দর্শকদের প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল বলেছেন, ‘দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বৈঠকের মূল লক্ষ্য। মাঠের কন্ডিশন থেকে শুরু করে ইনার গেট, আউটার গেট ও ভিআইপি গেটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
সাফে এবার গ্যালারির টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ ১০ হাজার টাকা দিয়ে করপোরেট বক্সের টিকিট কেনা যাবে। টিকিটের দাম নিয়ে ভক্তদের মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও সাফের পক্ষ থেকে পূর্ণ গ্যালারির প্রত্যাশা করা হচ্ছে।



