নাটকীয় জয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ হকি দল

ছবি: এশিয়ান হকি ফেডারেশন
শ্বাসরুদ্ধকর এক লড়াই শেষে হংকংকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ জাতীয় হকি দল। আজ বৃহস্পতিবার ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংকে টাইব্রেকার ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে টানা দ্বাদশবারের মতো এশিয়ান গেমসের মূল মঞ্চে খেলার গৌরব অর্জন করল বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশ ফেবারিট হিসেবে মাঠে নেমে শুরুতেই দাপট দেখায়। ম্যাচের ১১ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে লিড নেয় দল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। তবে দুই গোলে পিছিয়ে থেকেও দমে যায়নি হংকং। ২১ মিনিটে এক গোল শোধ করার পর ৩২ মিনিটে ইশতিয়াক আহমেদের গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় তারা।
তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে গোল উৎসব দেখে দর্শকরা। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম বাংলাদেশকে এগিয়ে নিলেও ৪৬ মিনিটে কুলদীপ সিং হংকংকে আবারও সমতায় ফেরান। এর মাত্র দুই মিনিট পর আশরাফুল নিজের দ্বিতীয় গোল করে স্কোর ৪-৩ করলেও নাটকীয়ভাবে ৪৮ মিনিটে হংকং গোল করে ৪-৪ সমতা আনে। নির্ধারিত ৬০ মিনিটের খেলা এই অমীমাংসিত স্কোরলাইনে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে স্নায়ুর যুদ্ধে হংকংকে আর কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ। গোলকিপার বিপ্লব কূজর রীতিমতো ত্রাতার ভূমিকায় হাজির হন। তার সৌজন্যেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। পরিসংখ্যান বলছে, হংকংয়ের বিপক্ষে বিগত পাঁচ দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে বাংলাদেশ, এবারও সেই ধারা অব্যাহত রইল। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।















