এশিয়ান গেমস অভিযানে ব্যাংককে হকি খেলোয়াড়রা

জাতীয় হকি দলের চ্যালেঞ্জ এবার এশিয়ান গেমসে জায়গা পাওয়ার। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো গত বছর হকির বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ যুব দল। এবার জাতীয় দলের চ্যালেঞ্জ এশিয়ান গেমসে জায়গা পাওয়ার। সেই অভিযানে বাছাইপর্বে অংশ নিতে জাতীয় দলের খেলোয়াড়রা এখন থাইল্যান্ডের ব্যাংককে।
ভিসা জটিলতা কাটিয়ে মঙ্গলবার (৩১ মার্চ ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক পৌঁছেছে ১৮ সদস্যের দল। ২ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে পুরুষদের এশিয়ান গেমস বাছাই হকি টুর্নামেন্ট।
বাছাইপর্বের শীর্ষ ৪টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে 'পুল বি'-তে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। ২ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।
এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ওমানের মাসকাটে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জন্য ভেন্যু বদলেছে এশিয়ান হকি ফেডারেশন।

