এশিয়ান গেমস
উজবেকিস্তানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল বাংলাদেশ

ছবি: এশিয়ান হকি ফেডারেশন
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে উজবেকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। কিন্তু মাঠের খেলায় সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। বরং আজ উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে উজবেকিস্তানের বিপক্ষে শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ম্যাচে সমতা ফেরান আমিরুল ইসলাম। ‘বি’ গ্রুপ থেকে উজবেকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।
পুরো ম্যাচে দারুণ কিছু সুযোগ ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ তো থেকেই যাবে। বাছাইপর্বে তিন ম্যাচ খেলে একটি করে জয়, পরাজয় এবং ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। ৯ দলের বাছাইপর্ব থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে যাবে। তাই বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যেতে পারবে লাল-সবুজের দল।















