জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলতে বললেন মাদানী

ছবি: কোলাজ
জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে সোশ্যালে চলছে বেশ আলোচনা ও সমালোচনা। কেউ কেউ ট্রল করছেন আবার কেউ বলছেন এই জাতীয় ভাস্কর্য যেন ভেঙে ফেলা হয়। সেই আলোচনায় যোগ দিলেন নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান জানান।
আজ রবিবার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘এই ভাস্কর্যগুলো করানো হয়েছে হেফাজতকে সমালোচিত করতে। না হয় শাপলাকে স্মরণীয় রাখার নামে ভাস্কর্য করতে হেফাজতের কেউ কি বলেছে? তাহলে কেনো করা হলো? কিছু কুকুরের ঘেউ ঘেউ করার সুবিধা হয়েছে।’
সরকার এসব ভাস্কর্য না ভাঙলে নিজেরাই এগুলো ভাঙার হুঁশিয়ারি দিয়ে মাদানী লিখেছেন, ‘হেফাজতের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান থাকবে, আপনারা অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান করুন এই ভাস্কর্য ভেঙে দিত। না হয় আমরা ছোটরা কিন্তু যে কোনো দিন জুলাই জাদুঘরে গিয়ে এগুলো নিজ হাতে ভেঙে দিয়ে আসব। যা হারাম, তা শেখ মুজিবেরটাও হারাম, আমার বাবার হলেও হারাম। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
এই পোস্টের কমেন্টে দেলওয়ার হোসেন নামে একজন লিখেছেন, ‘ভাই আপনি যা বলেছেন সত্যিই বলেছেন। তবে মানুষ হিসেবে আপনার কথায় আরেকটু সহনশীল হওয়া দরকার বলে মনে করি।’
এ ছাড়াও মাদানীর সঙ্গে অনেকেই কমেন্ট বক্সে একমত পোষণ করেছেন।




