আজ ধোয়া হচ্ছে পবিত্র কাবা

সংগৃহীত ছবি
মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্র, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান বায়তুল্লাহ বা পবিত্র কাবা আজ মঙ্গলবার ধৌত করা হচ্ছে। ইসলামের এই ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ আয়োজন সৌদি আরবের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর ৩০ জুন ফজরের ফর থেকে এই মহতী কাজ সম্পন্ন করা হয়ে থাকে।
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে মক্কা অঞ্চলের উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ এবার কাবা শরিফ ধোয়ার এই সৌভাগ্য লাভ করেছেন। কাবার ভেতরে প্রবেশ করে তিনি জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশ্রিত সুগন্ধি পানি দিয়ে কাবার অভ্যন্তরের দেয়াল বিশেষ কাপড়ের মাধ্যমে পরিষ্কার করেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতি বছর কাবা ঘর ধোয়ার আগে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়। এ জন্য ১৫ লিটার জমজমের পানি, ১৫ লিটার গোলাপজল, ১৫ লিটার গোলাপের সুগন্ধি তেল এবং ১০০ মিলিলিটার উৎকৃষ্টমানের উদের (আগর) সুগন্ধি ব্যবহার করা হয়। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে এরপর শুরু হয় কাবা শরিফ ধোয়ার মূল কার্যক্রম।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কাবা শরিফের পবিত্রতা ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতা, যত্ন ও নিখুঁতভাবে সম্পন্ন করা হয়। ব্যবহৃত সব উপকরণ আগেই সর্বোচ্চ পরিচ্ছন্নতা ও বিশেষ মানদণ্ড অনুসারে প্রস্তুত করা হয়, যাতে এই বিশ্বজনীন ইসলামী আয়োজনের মর্যাদা অক্ষুণ্ন থাকে।
প্রতি বছর কাবা শরিফ ধোয়ার এই দৃশ্য বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ে অনন্য আবেগের সঞ্চার করে। যদিও অধিকাংশ মুসল্লি সরাসরি এ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পান না, তবুও এই পবিত্র আয়োজনের সংবাদ তাদের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আল্লাহর ঘর জিয়ারতের আকাঙ্ক্ষাকে আরও গভীর করে তোলে।




