মুসলিম মনিষী
ইবনু রজব হাম্বলী: যার লেখায় মেলে জীবন্ত হৃদয়ের সংলাপ
- হাদীস, জ্ঞানচর্চা ও আধ্যাত্মিকতার এক অনন্য নাম
- জ্ঞান, আমল ও ইখলাসের প্রতীক ইমাম ইবনু রজব

প্রতীকী ছবি
ইসলামের জ্ঞানভাণ্ডারে এমন কিছু আলোকবর্তিকা আছেন, যাদের দীপ্তি সরাসরি চোখে পড়ে না, কিন্তু গভীরভাবে অন্তরকে আলোকিত করে। ইমাম ইবনু রজব আল-হাম্বলী(রহ.) তেমনই এক অনন্য ব্যক্তিত্ব। যিনি কেবল হাদীসের শব্দ বিশ্লেষণেই থেমে থাকেননি, বরং সেই শব্দের অন্তর্গত আত্মাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার এক বিরল সাধনা করে গেছেন। তার লেখনীতে যেমন ছিল গবেষণার দৃঢ়তা, তেমনি ছিল হৃদয়ের কোমলতা; ছিল ইলমের গভীরতা, আবার ছিল আত্মশুদ্ধির আহ্বান।
ইমাম ইবনু রজব আল-হাম্বলী। পুরো নাম- ‘জাইনুদ্দীন আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আহমাদ ইবনে আব্দুর রহমান ইবনেুল হাসান ইবনে মুহাম্মাদ ইবনে আবি আল-বারাকাত মাস'উদ আস-সুলামি, আল-বাগদাদি, আল-হাম্বলী’। তবে ইবনে রজব নামেই তিনি সুপরিচিত। হিজরি রজব মাসে জন্মগ্রহণ করেছিলেন বলে তার পেয়েছিলেন তার দাদার থেকে তিনি এ নাভে ভূষিত হয়েছিলেন। বাগদাদে ১৩৩৫ খ্রিষ্টাব্দ মোতাবেক ৭৩৬ হিজরিতে তার জন্ম। তার পরিবার ছিল জ্ঞান ও দ্বীনের আলোয় আলোকিত। ছোটবেলা থেকেই তিনি এমন এক পরিবেশে বেড়ে ওঠেন, যেখানে কোরআন, হাদীস এবং ইলমচর্চা ছিল দৈনন্দিন জীবনের অংশ। পরবর্তীতে তিনি দামেস্কে চলে আসেন, যা সে সময় ইসলামি জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্র ছিল।
শৈশব থেকেই তার মধ্যে জ্ঞান অর্জনের এক অদম্য তৃষ্ণা লক্ষ্য করা যায়। তিনি বিখ্যাত আলেমদের দরসে অংশ নিতেন, গভীর মনোযোগে শুনতেন এবং দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করতেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন ইবনে আন-নাকীব (মৃত্যু ৭৬৯ হিজরি), আস সুবকি, আল ইরাকি (৮০৬ হিজরি), মুহাম্মাদ ইবনে ইসমাইল আল খাব্বাজ প্রমুখ। তিনি যুগশ্রেষ্ঠ 'আলেমে দ্বীন ইবনে কায়্যিম আল যাওজিয়্যাহ রহ. এর মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে অধ্যয়ন করেন। যিনি নিজে ইমাম ইবনু তাইমিয়্যার (রহ.) অন্যতম শিষ্য। এই সূত্রে ইবনু রজব এমন এক বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক ধারার উত্তরাধিকারী হন, যেখানে কোরআন-সুন্নাহর বিশুদ্ধ অনুসরণ এবং অন্তরের পরিশুদ্ধি একসঙ্গে চলত।
তার অধ্যয়ন কেবল তথ্য সঞ্চয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তিনি জ্ঞানের গভীরে প্রবেশ করতেন। হাদীসের বর্ণনা, তার সনদ, রাবীদের অবস্থা- সবকিছু বিশ্লেষণ করার পাশাপাশি তিনি হাদীসের অন্তর্নিহিত শিক্ষা ও আত্মিক তাৎপর্য উদ্ঘাটনে বিশেষ মনোযোগ দিতেন। এ কারণেই তার রচনাগুলো শুধু আলেমদের জন্য নয়, বরং সাধারণ পাঠকের জন্যও হৃদয়গ্রাহী হয়ে ওঠে।
ইমাম ইবনু রজবের কর্মজীবন ছিল শিক্ষা, দাওয়াহ ও লেখালেখির এক সুষম সমন্বয়। তিনি বিভিন্ন মসজিদ ও শিক্ষাকেন্দ্রে দারস দিতেন, ছাত্রদের হাদীস ও ফিকহ শিক্ষা দিতেন। তার দরসে এমন এক আন্তরিকতা ছিল, যা শিক্ষার্থীদের হৃদয়ে গভীর প্রভাব ফেলত। তিনি কেবল শিক্ষকই ছিলেন না, বরং একজন মুরব্বি; যিনি ছাত্রদের অন্তর গঠনের দিকেও সমান গুরুত্ব দিতেন।
গবেষণার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হাদীসশাস্ত্রে সূক্ষ্ম বিশ্লেষণ, রাবীদের অবস্থা নির্ণয় এবং বিভিন্ন মতামতের তুলনামূলক পর্যালোচনায় দক্ষতা দেখিয়েছেন। তার লেখায় যুক্তি ও দলিলের দৃঢ়তা যেমন আছে, তেমনি আছে বিনয় ও সতর্কতা। তিনি মতভেদকে সম্মানের সঙ্গে উপস্থাপন করতেন এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে বিরত থাকতেন।
তার রচনাবলির মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো ‘জামি‘উল উলূম ওয়াল হিকাম’- যেখানে তিনি ইমাম নববী (রহ.)-এর ৪০ হাদীসের ওপর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। যা আজ পর্যন্ত চল্লিশ হাদিসের শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হিসেবে সমাদৃত হয়ে আসছে। এই গ্রন্থে তিনি শুধু হাদিসের অর্থ ব্যাখ্যা করেননি; বরং প্রতিটি হাদিসকে জীবনের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন। এ ছাড়া তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘লাতায়িফুল মা‘আরিফ’, যেখানে ইসলামের বিভিন্ন মাস, ইবাদত ও আধ্যাত্মিক দিক নিয়ে গভীর আলোচনা করা হয়েছে।
জীবনের শেষ দিকে তিনি শ্রেষ্ঠতম হাদিসগ্রন্থ সহীহ আল-বুখারির ব্যাখ্যা রচনা শুরু করেন কিন্তু ‘জানাজার সালাত অধ্যায়ে’ পৌঁছার আগেই মৃত্যুবরণ করেন। তিনি সেই গ্রন্থের নাম দিয়েছিলেন 'ফাতহুল বারি', যা পরবর্তীকালে দার ইবনে জাওযী থেকে ৭ খণ্ডে প্রকাশিত হয়েছে। ইবনে রজবের মৃত্যুর ২০ বৎসর পর ইবনে হাজার আসকালানী সহীহ আল-বুখারির ব্যাখ্যা রচনা শুরু করেন এবং ইবনে রজব আল হাম্বলীর সম্মানে গ্রন্থের শিরোনাম দেন ফাতহুল বারি। এটা সহিহ আল বুখারির শ্রেষ্ঠতম ব্যাখ্যাগ্রন্থ হিসেবে স্বীকৃত।
তার লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো- তিনি কঠিন বিষয়গুলোকে সহজ ভাষায়, হৃদয়স্পর্শী ভঙ্গিতে উপস্থাপন করতে পারতেন।
ইমাম ইবনু রজব আল-হাম্বলী (রহ.)-এর জীবন ছিল বিনয়, ইখলাস ও নীরব সাধনার এক অনন্য দৃষ্টান্ত। তিনি খ্যাতির পেছনে ছোটেননি; বরং ইলম ও আমলের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছেন। তার লেখনী আজও প্রমাণ করে; সত্যিকার জ্ঞান কেবল মস্তিষ্কে নয়, বরং অন্তরে প্রোথিত হয়।
ইবনে রজব রহ. ৭৯৫ হিজরি সনের চতুর্থ রমজানের পবিত্র এক রাতে (১৩৯৩ ঈসায়ী) মৃত্যুবরণ করেন। তখন তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুর পর দিন তার জানাজার সালাত অনুষ্ঠিত হয় এবং তাকে সমাহিত করা হয় বাব আস-সাগীর কবরস্থানে। (সালিম আল-হিলালী, ইক্বাধুল হিমাম (জামি‘ উলূম ওয়াল হিকামের সংক্ষিপ্ত রূপ), অনুবাদ ও সংক্ষিপ্ত রূপ, পৃষ্ঠা ৮–১১)
ইমাম ইবনু রজব আমাদের শিখিয়ে গেছেন, জ্ঞান তখনই পরিপূর্ণ হয়, যখন তা মানুষের অন্তরকে স্পর্শ করে এবং জীবনকে পরিবর্তন করে। তার জীবন ও কর্ম আজও আমাদেরকে সেই পথেই আহ্বান জানায়- যেখানে ইলম, আমল এবং ইখলাস একসূত্রে গাঁথা। তার রেখে যাওয়া ইলম, চিন্তা ও আধ্যাত্মিকতা আজও জীবন্ত। যখনই কেউ তার বই খুলে বসে, তখন মনে হয়; এ শুধু একটি গ্রন্থ নয়, বরং এক জীবন্ত হৃদয়ের সঙ্গে সংলাপ।
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
Saifpas352@gmail.com



