হাদীসের কথা
হতাশার অন্ধকারেও আশার দিশা দেখায় ইসলাম
- মৃত্যু নয়, জীবন মানেই সম্ভাবনা ও প্রত্যাবর্তনের সুযোগ

প্রতীকী ছবি
মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন দুঃখ-কষ্ট, বিপদ-আপদ কিংবা হতাশা তাকে এতটাই গ্রাস করে যে, সে জীবনকে বোঝা মনে করতে শুরু করে। কখনো কখনো এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষ মৃত্যুকেই কামনা করে বসে। কিন্তু ইসলাম এই মানসিক অবস্থার মধ্যেও মানুষকে আশা, ধৈর্য ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দেয়। জীবনের প্রতিটি মুহূর্তকে সম্ভাবনার দ্বার হিসেবে দেখার আহ্বান জানায়। হাদীসে বর্ণিত হয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَتَمَنَّى أَحَدُكُمْ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ.
আবূ হুরাইরাহ (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে যদি সৎ হয় তবে (বেঁচে থাকলে) হয়ত সে নেক কাজ বৃদ্ধি করবে। আর যদি পাপী হয়, তাহলে হয়ত সে তওবা করবে। (বুখারী, হাদীস: ৭২৩৫)
এই হাদীসের মধ্যে জীবনের প্রতি ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে উঠেছে। একজন মুমিনের জন্য জীবন কখনোই অর্থহীন নয়; বরং প্রতিটি শ্বাস-প্রশ্বাসই তার জন্য আমল বাড়ানোর একটি সুযোগ। যে ব্যক্তি ইতোমধ্যে সৎ কর্মে রত, তার জন্য জীবনের প্রতিটি অতিরিক্ত দিন জান্নাতের দিকে আরও এক ধাপ অগ্রসর হওয়ার সম্ভাবনা তৈরি করে।
অন্যদিকে, যে ব্যক্তি গুনাহে নিমজ্জিত, তার জন্যও জীবন আল্লাহর পক্ষ থেকে একটি মহামূল্যবান অবকাশ। কারণ যতক্ষণ জীবন আছে, ততক্ষণ তওবার দরজা খোলা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন।’ (সূরা যুমার, আয়াত : ৫৩)
তাই মৃত্যুকে কামনা করা আসলে এই সম্ভাবনাময় দরজাকে নিজ হাতে বন্ধ করার শামিল।
এ হাদীস আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়; তা এই যে, মানুষ তার বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যে আজ সৎ, সে আগামীতে আরও উন্নত হতে পারে; আর যে আজ পাপী, সে কালই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। এই অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে আছে আশার আলো।
সুতরাং, দুঃখ-কষ্টে ভেঙে পড়ে মৃত্যু কামনা না করে, বরং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সংশোধন ও উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করাই একজন মুমিনের প্রকৃত পথ। এই দৃষ্টিভঙ্গিই মানুষকে হতাশা থেকে ফিরিয়ে এনে আশা ও আলোর পথে পরিচালিত করে।
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
saifpas352@gmail.com



