শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইসলামের ঐক্যের শিক্ষা

প্রতীকী ছবি
মানুষ সামাজিক জীব। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই সমাজ ও রাষ্ট্রের শান্তিপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। কিন্তু যখন সমাজে হিংসা-বিদ্বেষ, প্রতিহিংসা, সহিংসতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন জনজীবনের স্বাভাবিকতা বিপন্ন হয়। মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। রাজনৈতিক মতপার্থক্য, দলীয় স্বার্থ কিংবা শ্রেণিগত বিভেদ যখন সংঘাতের রূপ নেয়, তখন তার ক্ষতিকর প্রভাব পড়ে পুরো সমাজের ওপর। এ অবস্থায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। ইসলামও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ মুমিনদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বলেছেন,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللّٰهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১০৩)
এ আয়াতের মাধ্যমে মুসলমানদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মতপার্থক্য ও বিভেদ পরিহার করে সম্মিলিতভাবে কল্যাণের পথে চলার শিক্ষা দেওয়া হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এ নির্দেশনার তাৎপর্য অত্যন্ত ব্যাপক।
ইসলাম শুধু ঐক্যের আহ্বানই জানায়নি, বরং কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতার নির্দেশও দিয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না।’ (সুরা আল-মায়িদা, আয়াত : ২)।
এ নির্দেশনা থেকে স্পষ্ট হয়, সমাজের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। অন্যদিকে অন্যায়, জুলুম, নাশকতা ও মানুষের ক্ষতিসাধনে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সহযোগিতার সুযোগ নেই।
সমাজে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অন্যতম কারণ হলো অন্যের অধিকার ও নিরাপত্তার প্রতি অবজ্ঞা। অথচ ইসলাম মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (বুখারি, হাদিস : ১০)
এ হাদিসের আলোকে বুঝা যায় যে, একজন মুসলমান কিছুতেই এমন আচরণ করতে পারেন না যাতে অন্য মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো অবকাশ থাকে। মতের অমিল কিংবা বিরোধের কারণে কারও ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন কিংবা জনজীবন বিপর্যস্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
পবিত্র কোরআনে সামাজিক বিরোধ ও সংঘাত নিরসনেরও নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘মুমিনরা তো পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও।’ (সুরা হুজুরাত, আয়াত : ১০) এ আয়াতের শিক্ষা শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সামাজিক ও সামষ্টিক বিরোধ নিরসনেও এর আওতায় রয়েছে। কোনো পক্ষের প্রতি অন্ধ আনুগত্য নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বিরোধের সমাধান করাই ইসলামের নির্দেশনা।
বর্তমান সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বিষয়। কিন্তু সেই মতপার্থক্য যেন সংঘাত, প্রতিহিংসা ও সহিংসতার কারণ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক নেতৃত্বের উচিত সংযত বক্তব্য দেওয়া, কর্মী-সমর্থকদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা এবং প্রতিপক্ষের মতপ্রকাশের অধিকারকে সম্মান করা। একইভাবে সাধারণ নাগরিকদেরও কোনো অন্যায়কে দলীয় পরিচয়ের কারণে সমর্থন করা থেকে বিরত থাকতে হবে।
এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণও জরুরি। যাচাই না করে কোনো সংবাদ, ছবি বা ভিডিও প্রচার করা, গুজব ছড়ানো কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়া সমাজে উত্তেজনা ও বিভেদ বাড়াতে পারে। তাই তথ্য যাচাই ছাড়া কিছু প্রচার না করা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পাশাপাশি অপরাধ দমনের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা নিরপরাধ মানুষের ওপর আক্রমণ করাও পরিহার করতে হবে। অপরাধের বিচার হতে হবে আইনানুগ ও নিরপেক্ষ প্রক্রিয়ায়।
দেশের শান্তি ও নিরাপত্তা কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা শ্রেণির একক বিষয় নয়; এটি সবার সম্মিলিত অধিকার ও দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলা, অন্যের অধিকার রক্ষা এবং জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন থাকতে হবে। মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার পথ খোলা রাখতে হবে।
ইসলামর ঐক্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতার শিক্ষা ব্যক্তি ও জাতীয় জীবনে বাস্তবায়ন করা সময়ের দাবি। দল-মত ও শ্রেণিবৈষম্যের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জাতীয় কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ নয়, সহযোগিতার হাত বাড়াতে হবে। প্রতিহিংসা নয়, সহমর্মিতা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশৃঙ্খলা নয়, শান্তিন পথ অনুনসরণ করতে হবে।
লেখক: আলেম ও সাংবাদিক



