জনপ্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান প্রতিমন্ত্রী হাবিব

হাবিবুর রশিদ হাবিব
জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী হাবিব বললেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড আগে ইউনিয়ন ছিল। পরবর্তী সময়ে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ডে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষ উন্নয়নবঞ্চিত ছিলেন। এলাকার মানুষের সমস্যা ও দাবিগুলো তুলে ধরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে।
এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বাসিন্দাদের সহযোগিতা কামনা করে হাবিব বলেন, সবাইকে মিলেমিশে চলতে হবে। সিটি করপোরেশন যদি ২০ ফুট প্রশস্ত রাস্তা করতে চায়, তাহলে দুই পাশের বাসিন্দাদেরও জায়গা ছাড়তে হবে। জায়গা পাওয়া গেলে কাজ করা সহজ হবে।
সরকারি খাসজমি দখল না করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি খাসজমি জনগণের সম্পদ। এসব জমি উন্নয়নকাজে ব্যবহারের জন্য এলাকাবাসীকে নিজেরাই চিহ্নিত করে দিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জমির মধ্য দিয়ে রাস্তা করতে হলেও দুই পাশের মালিকদের জায়গা ছাড়তে হবে।



