বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে চিঠি হস্তান্তর করেন দিল্লি সফররত বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দিল্লি সফররত তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মঙ্গলবার রাতে এই চিঠি হস্তান্তর করেন বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে।
আজ বুধবার দুপুরে নিজের এক্সে এ তথ্য জানিয়েছেন বিজয় চোথাউওয়ালে।
বিজয় চোথাউওয়ালে লিখেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। একটি চিঠি তুলে দিয়েছেন আমার হাতে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। এসময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিশির বাজুরিয়া।’
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে দিল্লিতে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াকে নিয়ে বিজয় চোথাউওয়ালে সাক্ষাৎ করেন হুমায়ুন কবিরের সঙ্গে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির এ মুহূর্তে দিল্লি রয়েছেন। তিন দিনের শুভেচ্ছা সফরে গতকাল বিকালে ভারতে পৌঁছান তারা।
















