গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক বাসদের

ছবি: আগামীর সময়
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের শাসনামলে বৈষম্য নিরসন ও ফ্যাসিবাদ বিলোপের আকাঙ্ক্ষা পদদলিত হয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবিকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ শুক্রবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ রানা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দলটি রাজপথে আন্দোলন করেছে এবং গণঅভ্যুত্থানেও সর্বশক্তি নিয়ে অংশ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম সমুদ্রবন্দরের টার্মিনাল ইজারা, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে আন্দোলন করেছে দলটি।
তিনি বলেন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। অন্যান্য বামপন্থী দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, রাষ্ট্রীয় কারখানা বেসরকারীকরণ বন্ধ এবং বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি আমদানিসহ বিভিন্ন খাত বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করছে দলটি।
মাসুদ রানা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় থেকেই মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছিল। গণঅভ্যুত্থানের সময় তা কিছুটা স্তিমিত হলেও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ায় আবারও এসব শক্তি সক্রিয় হচ্ছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রয়েছে।
কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি হয়ে উঠেছে। অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই ও মূল্যস্ফীতিতে বিশ্বের মানুষ বিপর্যস্ত। তার বক্তব্য অনুযায়ী, বিশ্বের ১ শতাংশ মানুষের হাতে ৫০ শতাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে। অথচ কোটি কোটি মানুষ ক্ষুধা ও দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের আড়ালে মুষ্টিমেয় সম্পদশালী ও মালিকগোষ্ঠী রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে। ফিলিস্তিন ও ইরানে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রসঙ্গ তুলে তিনি সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যবদ্ধ শ্রমজীবী মানুষের রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা বলেন, নানা দমন-পীড়ন ও বিপর্যয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বামপন্থী আন্দোলন এগিয়েছে। ১৯৭২ সালে দলটির প্রধান নেতাসহ ৫০ হাজার নেতা-কর্মী হত্যার শিকার হন এবং ১৯৮৮ সালের সশস্ত্র সংগ্রামেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। নব্বইয়ের দশকে জেভিপি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালে ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়।
তিনি বলেন, ২০২২ সালে শ্রীলঙ্কায় যে গণআন্দোলন হয়েছিল, তাতে ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টি নেতৃত্ব দিয়েছে। দেশে দেশে গণআন্দোলনকে বিপ্লবী আন্দোলনে রূপ দিতে সঠিক বিপ্লবী দলের নেতৃত্ব প্রয়োজন। বাসদ (মার্কসবাদী)-এর সঙ্গে তাঁদের দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।
নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায় বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বাংলাদেশসহ সারা বিশ্বে নিপীড়ন চালাচ্ছে। এই ব্যবস্থা অব্যাহত থাকলে মানবসমাজ ধ্বংসের মুখে পড়বে। তাই সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন এবং সঠিক আদর্শের ভিত্তিতে বিপ্লবী দল গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে কমরেড শিবদাস ঘোষের চিন্তা সহায়ক হতে পারে।
কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং এবং নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায় বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য।
এর আগে জাতীয় প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিদেশি অতিথিদের ক্রেস্ট ও দলীয় পতাকা দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কনভেনশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
আগামীকাল শনিবার বিকাল ৩টায় রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘দ্য ইমপেক্ট অব পিপল’স স্পন্টেনিওয়াস মুভমেন্ট অ্যান্ড আপরাইজিং ইন রেসিস্টিং ফ্যাসিজম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।



