সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

সংগৃহীত ছবি
পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। এরপর নাইটিঙ্গেল-কাকরাইল মোড় হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সেটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন তিনি। বিরোধী দলের লং মার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে রিজভী বললেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তবে এভাবে রাজনীতি করা যাবে না। পার্লামেন্টে কথা বলেন, বাইরেও কথা বলেন, আপত্তি নেই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার দায় কি আপনাদের নয়?’
এ সময় ৪৫০টি গাড়ি নিয়ে বিরোধী জোটের লং মাের্চর সমালোচনা করেন বিএনপির এই নেতা। দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গও টানেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বললেন, ‘মধ্য বাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তার উত্তর দিতে হবে।’ একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জামায়াত আমিরের প্রতি প্রশ্ন রাখেন তিনি। রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায়ও প্রতিবাদ জানাতে জামায়াত আমিরকে লং মার্চ করার আহ্বান ছিল তার।
বিরোধী জোটের এক দফার আন্দোলন প্রসঙ্গে রিজভী বললেন, ‘যে দলের সম্পর্ক রাজপথের ইট, কাঠ, ধুলো ও বালির সঙ্গে, সেই দল বিএনপি। বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে আছে। এই খুঁটি এত শক্ত যে, হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটি নাড়ানো যাবে না। মনে রাখতে হবে— বিএনপি ক্ষমতায় আছে ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির জোরে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— ডিএসসিসির প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, কামরুজ্জামান রতনসহ অন্যরা।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চলতি সপ্তাহ জুড়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশ জুড়ে কর্মসূচি পালন করবে। সে অনুযায়ী আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদল, আগামীকাল বুধবার স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।



