মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান মানীসহ বিএনপির ৬৮ নেত্রী

শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত আসনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (আসন-২৩) এমপি হতে চান দলটির ৬৮ জন নেত্রী। এ লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা।
এর আগে এই শূন্য আসনে দলীয় মনোনয়ন পেতে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৭০ জন নেত্রী মনোনয়ন ফরম নিয়েছিলেন। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানীসহ সাবেক সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় নেত্রী এবং জেলা ও মহানগর পর্যায়ের সংগঠকরা রয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং আগামীর সময়কে জানান, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আজ (শনিবার) ছিল ফরম জমা দেওয়ার শেষ দিন। বিকাল পর্যন্ত ৬৮ জন ফরম জমা দিয়েছেন।
বিএনপি সূত্র জানিয়েছে, আগামী দুই-একদিনের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত পার্লামেন্টারি বোর্ডে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। সংসদে যুক্তিতর্ক দিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন এবং প্রতিপক্ষের বক্তব্যকে যুক্তিসহ খণ্ডন করতে পারবেন—এমন যোগ্য প্রার্থীকে খুঁজছে বিএনপি। এ ক্ষেত্রে অভিজ্ঞ, রাজপথের ত্যাগী এবং বিতর্কমুক্ত ইমেজকে অগ্রাধিকার দেওয়া হবে।
মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা মানী আগামীর সময়কে বলেছেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সদস্য। আমার বাবা মুসলিম লীগ করতেন, ঊনসত্তর সালে প্রাদেশিক নির্বাচন করেছেন। মা বাগেরহাট জেলা মহিলা দলের দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। পরে মহিলা দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হয়েছিলাম। এরপর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হই।’
‘নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ছাড়াও গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও রাজপথে সক্রিয় ছিলাম। দু’বার গ্রেপ্তারও হয়েছি। একাদশ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। সংরক্ষিত নারী আসন থেকেও মনোনয়নপ্রত্যাশী ছিলাম। আশা করি, দল এবার মূল্যায়ন করবে’—যোগ করেন তিনি।



