শ্বশুরকে নিয়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করলেন ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান
বই পড়ার অভ্যাস থাকলে শিশু-কিশোররা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলা আয়োজন করেছে জিয়া স্মৃতি পাঠাগার।
অনুষ্ঠানে শ্বশুর ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে নিজের লেখা কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করে শোনান ডা. জুবাইদা।
এ সময় কবিতার কয়েকটি পঙক্তি পড়ে শোনান তিনি। ‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক; জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি; অসাধারণ সাহসী মূর্তি; তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী; দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন; তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী; তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।’
জুবাইদা রহমান বললেন, ‘বাংলাদেশের নব্বই হাজার ৪৯টি গ্রামে এই পাঠাগার ছড়িয়ে পড়ুক; শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, সততা, নিষ্ঠা বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে এ পাঠাগারের মাধ্যমে।’
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘আমাদের নানা-নানিরা, দাদা-দাদিরা আর কিছু না হলেও শরৎচন্দ্রের বই পড়েছেন, নজরুলের কবিতা পড়েছেন, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো পড়েছেন। কিন্তু এখনকার যুগের যারা মা-খালা, তাদেরকে সেভাবে বই পড়তে দেখি না। আর তারা বই পড়েন না বলে তাদের সন্তানরাও বই পড়েন না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘আমাদের ছেলে-মেয়েরা, ইয়াং জেনারেশন, এখন কিন্তু আর বই পড়তে চায় না। আমরা মোবাইলের ওপর এত বেশি নির্ভর হয়ে গেছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আয়োজকরা জানান, মেলা চলবে ৯ দিন। এতে ৪৮টি স্টল অংশগ্রহণ করছে।





