ছয় মাসের মধ্যে শ্রমিক দলের কেন্দ্রীয় কাউন্সিল
- আমান উল্লাহ আমানকে আহ্বায়ক করে ৫১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন

সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা।
নতুন সম্মেলন প্রস্তুতি কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। তারা হলেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স.ম. জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভুঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একেএম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
সভায় শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে একযোগে পদত্যাগ এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের অন্য কোনো সুযোগ না থাকায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কেন্দ্রীয় কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
সভায় তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা হয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন শ্রমিক ইউনিয়ন গঠন ও সেগুলোকে সংগঠনের অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় ছিলেন শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।




