সেনা সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা, ক্ষমা চাইলেন জামায়াত প্রার্থী

ডা. এস এম খালিদুজ্জামান
সেনা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের বাগবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ঢাকা সেনানিবাসের চেকপোস্টে ঘটে যাওয়া সেই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে নতুন করে আলোচনায় আসেন জামায়াতের এই প্রার্থী। পরে এ ঘটনায় ডা.খালিদুজ্জামান দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকবেন বলে জানিয়েছেন।
ভাইরাল ভিডিও সম্পর্কে মঙ্গলবার বিকালে প্রথম সারির একটি গণমাধ্যমকে ডা.খালিদুজ্জামান বলেন, ঘটনাটি মাসখানেক আগের। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকব।
এর আগে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ‘সেনাবাহিনীর সঙ্গে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি’ প্রসঙ্গে শিরোনামে ডা. খালিদ লেখেন— বেশ কিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।
তিনি তার স্ট্যাটাসে আরও লেখেন,বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে বিষয়ে আমি সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা দাঁড়িপাল্লার প্রার্থী বেশ উত্তেজিত। তিনি নিজেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে পরিচয় দেন এবং বিএনপি চেয়ারম্যানকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন।
ঘটনাস্থলে উপস্থিত সেনা সদস্য জামায়াত নেতাকে শান্ত করার চেষ্টা করেন। তারা বিধির বাইরে কিছু করতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন।



