আবরার ফাহাদের খুনি পক্ষের কাপুরুষ ছিলেন শিশির মনিররা : রাশেদ খাঁন

রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
নুরুল হক আন্দোলন-সংগ্রামের অগ্নিপুরুষ আর শিশির মনিররা আবরার ফাহাদের খুনি ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের পক্ষের কাপুরুষ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক গণঅধিকার পরিষদের বর্তমান সভাপতি আর রাশেদ খাঁন দলটির সাবেক সাধারণ সম্পাদক।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘আসামিপক্ষের আইনজীবী শিশির মনির, বিষয়টা কষ্টদায়ক বলে মন্তব্য করেছে আবরার ফাহাদের বাবা। আবরার ফাহাদকে শিবির তকমা দিয়ে হত্যা করা হলে তার বিচারের দাবিতে সে সময় ঢাবিতে মিছিল বের হয় তৎকালীন ডাকসুর ভিপি নুরের নেতৃত্বে।’
‘২০১৮-২০২৪ পর্যন্ত ভিপি নুর ছিলেন আন্দোলন-সংগ্রামের অগ্নিপুরুষ। আর শিশির মনিররা ছিলেন আবরার ফাহাদের খুনি ছাত্রলীগের পক্ষের কাপুরুষ। ছাত্রশিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল। আমরাও সবাই যদি এভাবে কায়দা করে বেঁচে থাকার চেষ্টা করতাম, তবে আবরার ফাহাদ হত্যার পরে প্রতিবাদের জন্য একটা লোক রাস্তায় পাওয়া যেতো না।’
তিনি যোগ করেন, আন্দোলনের কঠিন দিনগুলোতে বর্তমান শিবিরের ভিপি-জিএসদের কোনো অস্তিত্ব ছিল না। তারা ছিলেন হল ও ডিপার্টমেন্ট পর্যায়ে ছাত্রলীগের নেতা। আজকে যে ভিপি নুরকে নিয়ে জামায়াত-শিবির গালিগালাজ ও তুচ্ছতাচ্ছিল্য করে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক ভিপি নুরের যে অবদান আছে, পুরো জামায়াত-শিবিরের সেই অবদান নেই। ১৮-২৪ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সেই কঠিন সময়ে ভিপি নুর ছিল একটি অপ্রতিদ্বন্দ্বী তরুণ নেতৃত্বের নাম।
রাশেদ খাঁন লিখেছেন, ‘জামায়াত-শিবির আর ১০০ সাদিক কায়েম জন্ম দিলেও এক ভিপি নুরের একশ ভাগের এক ভাগ হতে পারবে না। ভিপি নুরের মানে পুরোটাই সাহসের কলিজা।’



